নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে সওজের জায়গা ও খাল ভরাট করার প্রতিবাদ করায় গ্রামবাসীর বিরুদ্ধে মিথ্যা মামলা করার অভিযোগ পাওয়া গেছে। এর প্রতিবাদে গ্রামবাসী গতকাল বৃহস্পতিবার মানববন্ধন ও বিক্ষোভ করেছেন।
উপজেলার পিরোজপুর ইউনিয়নের আষাঢ়িয়ারচর গ্রামের বাসিন্দারা বলেন, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে বাংলাদেশ-কোরিয়া ডাইস ইন্ডাস্ট্রিজ নামের একটি প্রতিষ্ঠান কারখানা করার নামে গ্রামবাসীর জমি, একটি খাল এবং সড়ক ও জনপথ অধিদপ্তরের (সওজের) জায়গা বালু দিয়ে ভরাট করে দখল করে। এর প্রতিবাদে গ্রামবাসী গত মঙ্গলবার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বরাবর স্মারকলিপি দেন। একই সঙ্গে দখলের প্রতিবাদে গত মঙ্গলবার ও বুধবার বিক্ষোভ করেন।
পিরোজপুর ইউনিয়ন পরিষদের ৬ নম্বর ওয়ার্ডের সদস্য আবদুল হালিম ও ওই গ্রামের বাসিন্দা আবদুর রউফ অভিযোগ করেন, কারখানার মালিকের জবরদখলের প্রতিবাদ করায় গতকাল কারখানার প্রশাসনিক কর্মকর্তা শেখ ফরিদ বাদী হয়ে থানায় একটি চাঁদাবাজির মামলা করেন। মামলায় আষাঢ়িয়ারচর জামে মসজিদ পরিচালনা কমিটির সভাপতি হযরত আলী ও গ্রামের বাসিন্দা রফিকুল ইসলাম, আইনুদ্দিন মিয়া ও নুরুদ্দিন মিয়াকে আসামি করা হয়েছে।
মামলার বাদী বাংলাদেশ-কোরিয়া ডাইস ইন্ডাস্ট্রিজের প্রশাসনিক কর্মকর্তা শেখ ফরিদ বলেন, ‘আমরা কোনো মিথ্যা মামলা করিনি। গ্রামের কয়েকজন আমাদের কাছে চাঁদা দাবি করেছিল। আমরা সরকারি জমি ও গ্রামবাসীর জমি দখলের সঙ্গে জড়িত নই।’
এদিকে সাজানো মামলায় মানুষকে হয়রানি করার অভিযোগ এনে গতকাল সকালে গ্রামবাসী প্রথমে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের আষাঢ়িয়ারচর এলাকায় মানববন্ধন করেন। এরপর মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মহাসড়কে বিক্ষোভ করেন। দুপুর ১২টা থেকে এক ঘণ্টা মহাসড়ক অবরোধ করে রাখেন এলাকাবাসী। এ কারণে মহাসড়কের মেঘনা সেতু থেকে মোগরাপাড়া চৌরাস্তা পর্যন্ত দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। খবর পেয়ে ইউএনও এবং পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে মামলা প্রত্যাহার ও জমি জবরদখলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলে এলাকাবাসী অবরোধ তুলে নেন।
ইউএনও আবু নাছের ভূঁঞা বলেন, ‘কারখানার মালিক সরকারি জায়গা, গ্রামবাসীর জমি ও খাল দখল করেছেন, এ কথা সত্য। আমি তদন্ত করে প্রমাণ পেয়েছি। তাঁদের নোটিশ দেওয়া হয়েছে। গ্রামবাসীর বিরুদ্ধে দায়ের করা মামলা তদন্ত করা হবে। মিথ্যা প্রমাণিত হলে বাদীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’