গ্রামবাসীর মারামারি দেখতে গিয়ে প্রাণ গেল স্কুলছাত্রীর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুষ্টিয়ার কুমারখালী উপজেলায় আধিপত্য বিস্তার নিয়ে একটি গ্রামের দুই পক্ষের মধ্যে শুরু হয়েছিল মারামারি। একপর্যায়ে তাতে জড়িয়ে পড়ে পাশের আরও তিন গ্রামের লোকজন। এ মারামারি দেখতে গিয়েই সড়কির আঘাতে মারা গেল স্কুলছাত্রী রুমি খাতুন।
গতকাল বুধবার দুপুরে পাহাড়পুর গ্রামে ওই সংঘর্ষে আহত হন অন্তত চারজন। তাঁদের কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত রুমি (১৬) পাহাড়পুর গ্রামের আরিফ হোসেনের মেয়ে ও কুষ্টিয়া সদর উপজেলার কমলাপুর মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী।
পুলিশ ও এলাকাবাসী জানায়, পাহাড়পুর গ্রামের খলিলুর রহমানের সঙ্গে ছাদ ব্যাপারীর বিরোধ রয়েছে। গতকাল বেলা দেড়টার দিকে খলিলের পক্ষের কিছু লোক ছাদ ব্যাপারীর বাড়িতে হামলা চালান। এ সময় দুই পক্ষ লাঠিসোঁটা, ফলা ও সড়কি নিয়ে গ্রামের মাঠে গিয়ে পাল্টাপাল্টি-ধাওয়া ও সংঘর্ষে জড়িয়ে পড়ে। পরে সংঘর্ষে পার্শ্ববর্তী আরও তিন গ্রামের মানুষ উভয় পক্ষের হয়ে যোগ দেয়। রুমি খাতুন মারামারি দেখতে গেলে সড়কির আঘাতে গুরুতর আহত হয়। রুমিকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন।
হাসপাতালের চিকিৎসক নাসিমুজ্জামান বলেন, হাসপাতালে আসার আগেই রুমি মারা গেছে। ধারণা করা হচ্ছে, তার বুকে ধারালো কিছু দিয়ে আঘাত করা হয়েছে।
কুমারখালী থানার ওসি জিয়াউর রহমান বলেন, সংঘর্ষ শুরুর পর পরিস্থিতি শান্ত করার চেষ্টায় পুলিশ ৩০টি ফাঁকা গুলি ছোড়ে।