গ্রামবাসীর সংঘর্ষে তরুণ নিহত
টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় দুই গ্রামের যুবকদের মধ্যে সংঘর্ষে আসাদুল হক (১৭) নামের একজন নিহত ও ১০ জন আহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার মাইঝবাড়ি বাগুনডালা গ্রামে এ সংঘর্ষ ঘটে।
নিহত আসাদুল হক কাইল্যা গ্রামের মুক্তার আলীর ছেলে। সে অটোরিকশাচালক ছিল। এ ঘটনায় আহত ব্যক্তিদের টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয় ব্যক্তিরা বলেন, পাশাপাশি মাইঝবাড়ি বাগুনডালা ও কাইল্যা গ্রামের দুই দল বাসিন্দার মধ্যে বিরোধ চলে আসছিল। এর জের ধরে গতকাল দুপুরে কাইল্যা গ্রামের কয়েকজন লাঠিসোঁটা নিয়ে হামলার উদ্দেশ্যে মাইঝবাড়ি বাগুনডালা গ্রামের দিকে যায়। এ সময় মাইঝবাড়ি বাগুনডালা গ্রামের বাসিন্দারা তাঁদের ওপর হামলা চালায়। এতে ঘটনাস্থলেই আসাদুল হক নিহত হয়। আহত হন উভয় গ্রামের অন্তত ১০ জন। আসাদুল হকের ব্যাটারিচালিত অটোরিকশা নিয়েই কাইল্যা গ্রামের যুবকেরা মাইঝবাড়ি যাচ্ছিলেন।
ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন বলেন, আরও অপ্রীতিকর ঘটনা এড়াতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। লাশ থানায় রয়েছে। মামলা দায়েরের প্রস্তুতি চলছে।