গ্রামবাসীর সঙ্গে বিজিবির সংঘর্ষ, গুলিতে নিহত ১
ঝিনাইদহের মহেশপুরে ভারতের সীমান্তবর্তী মাটিলা গ্রামে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সঙ্গে গ্রামবাসীর সংঘর্ষের সময় একজন নিহত হয়েছেন। এ সময় আরও চারজন গ্রামবাসী আহত হন। গতকাল শনিবার সন্ধ্যায় ২৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের জলুলী ক্যাম্পের সামনে এ ঘটনা ঘটে।
নিহত ব্যক্তি হলেন মাটিলা গ্রামের বাসিন্দা ও চা-দোকানদার রফিকুল ইসলাম (৩০)।
গ্রামের কয়েকজন বাসিন্দা বলেন, ভারত থেকে গরু চোরাচালানকারী এক ব্যক্তিকে ধরতে না পেরে বিজিবির ১০ থেকে ১২ জন সদস্য গতকাল সন্ধ্যায় মাটিলা গ্রামের মোড়ে বসে থাকা লোকজনকে এলোপাতাড়ি মারধর করেন। এর প্রতিবাদ জানাতে গ্রামবাসী জলুলী ক্যাম্পের দিকে যেতে চাইলে বিজিবির সদস্যরা ক্যাম্পের ভেতর থেকে গ্রামবাসীর ওপর গুলি চালান। এতে হতাহতের ঘটনা ঘটে।
অবশ্য ২৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জাহাঙ্গীর হোসেন দাবি করেন, গরু ব্যবসায়ীরা তাঁদের টহল দলের ওপর হামলা চালান। বিজিবির সদস্যরা জীবন রক্ষার্থে গুলি চালিয়েছেন।
বিজিবি তাদের গুলিতে রফিকুল ইসলামের নিহত হওয়ার কথা স্বীকার করেছে।
মাটিলা গ্রামের বাসিন্দা সৌরভ হোসেন বলেন, তাঁদের গ্রামটি মহেশপুর উপজেলার শেষ প্রান্তে ভারত সীমান্তবর্তী এলাকায়। সীমান্তবর্তী হওয়ায় সেখানে নানা ধরনের চোরাচালান হয়। বিজিবির ইন্ধনেই চলে এসব ব্যবসা। তিনি অভিযোগ করেন, সেই ব্যবসা বন্ধ না করে বরং বিজিবি গ্রামবাসীকে রাত আটটার পর বাইরে বের হতে মানা করেছে। গ্রামের মানুষও সেই নির্দেশ মেনে বাইরে থাকে না।
গ্রামবাসী ও বিজিবি সূত্রে জানা যায়, গতকাল সকালে এক গরু ব্যবসায়ী মাটিলা সীমান্ত দিয়ে ভারত থেকে গরু আনেন। বিজিবি ওই গরু ব্যবসায়ীকে ধরতে ব্যর্থ হয়। এ সময় বিজিবির সদস্যরা গ্রামের কয়েকজনকে ওই ব্যবসায়ীর পরিচয় বলতে বলেন। গ্রামবাসী সেটা বলতে না পারায় তাঁরা ক্ষিপ্ত হন। সন্ধ্যায় গ্রামের বটতলায় একটি চায়ের দোকানে বেশ কিছু লোক বসে গল্প করছিলেন। এমন সময় বিজিবির ১০ থেকে ১২ জন সদস্য ‘রাতের বেলায় তাঁরা বাইরে কেন’—এ প্রশ্ন করে মারধর করলে বেশ কয়েকজন আহত হন। গ্রামের লোকজন এক জোট হয়ে মারধরের কারণ জানার জন্য ক্যাম্পের দিকে যেতে থাকেন। তখন বিজিবি গ্রামবাসীকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে রফিকুল ইসলাম ঘটনাস্থলেই মারা যান। এ সময় আরও চারজন আহত হন।
গ্রামবাসী জানান, রফিকুল ও ফিরোজ নামে দুজনের বুকে গুলি লাগে। ফিরোজ আহত হয়ে পড়ে ছিলেন। কিন্তু বিজিবির সদস্যরা প্রথমে তাঁকে নিয়ে যেতে বাধা দেন।
লেফটেন্যান্ট কর্নেল জাহাঙ্গীর হোসেন বলেন, সীমান্তের জলুলী বিজিবি ক্যাম্পের সদস্যরা মাটিলা সীমান্তে টহল দিচ্ছিলেন। এ সময় ভারত থেকে অবৈধভাবে একদল গরু ব্যবসায়ী গরু নিয়ে বাংলাদেশে ঢোকার চেষ্টা করেন। তখন সীমান্তে টহলরত বিজিবির সদস্যরা তাঁদের চ্যালেঞ্জ করলে গরু ব্যবসায়ীরা বিজিবির সদস্যদের ওপর ইটপাটকেল, লাঠিসোঁটা, রামদা নিয়ে হামলা চালান। এ সময় বিজিবির সদস্যরা জীবন রক্ষার্থে তিনটি গুলি ছোড়েন।
মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিদুল ইসলাম বিজিবির গুলিতে হতাহতের কথা নিশ্চিত করেছেন।
গ্রামে উত্তেজনা রয়েছে। পুলিশি হয়রানির আশঙ্কায় অনেকেই গ্রাম ছেড়ে পালিয়েছেন।