গ্রামবাসীর সামনে দুই নারীসহ তিনজনকে নির্যাতন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাতক্ষীরার কলারোয়া উপজেলায় অনৈতিক কাজে জড়িত থাকার অপবাদ দিয়ে এক গৃহবধূ, তাঁর বোন ও বোনের বন্ধুকে শতাধিক লোকের সামনে পিটিয়ে আহত এবং কান ধরে ওঠবস করানো হয়েছে। পরে এর ভিডিও ফেসবুকে ছড়িয়ে দেওয়া হয়।
গত ২৯ আগস্ট এ ঘটনা ঘটে। এ ঘটনায় ৬ সেপ্টেম্বর ওই গৃহবধূ বাদী হয়ে থানায় মামলা করেন। আসামিরা হলেন বিল্লাল হোসেন (৪২), রুহুল কুদ্দুস (৪০) ও ইসমাইল হোসেন (৫৮)। তাঁদের বাড়ি পাঁচপোতা গ্রামে। আসামি রুহুল ও ইব্রাহিম হোসেনকে পুলিশ গ্রেপ্তার করে। রুহুল জামিনে ছাড়া পেয়েছেন।
নির্যাতনের শিকার গৃহবধূ গত সোমবার বলেন, তিনি যাঁদের নাম উল্লেখ করে অভিযোগ করেছিলেন, মামলার এজাহারে তাঁদের সবার নাম নেই। রুহুল মামলা তুলে নেওয়ার জন্য হুমকি দিচ্ছেন।
এ বিষয়ে কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আবু সালেহ মাসুদ করিম জানান, ওই নারী যেভাবে বলেছেন সেভাবেই মামলা হয়েছে।
ওই গৃহবধূ বলেন, তাঁর স্বামী তিন বছর ধরে বিদেশে থাকেন। এরপর থেকেই তাঁকে ভাগনির স্বামী বিল্লাল আপত্তিকর প্রস্তাব দিতেন।
একপর্যায়ে তিনি বাবার বাড়ি চলে যান। গত ২২ আগস্ট ঘর মেরামতের জন্য তিনি স্বামীর বাড়ি আসেন। ২৯ আগস্ট তাঁর খালাতো বোন এক বন্ধুকে নিয়ে সেখানে বেড়াতে আসেন। ওই দিন আওয়ামী লীগের স্থানীয় কর্মী বিল্লাল, ওয়ার্ড যুবলীগের সাবেক আহ্বায়ক রুহুলসহ কয়েকজন তাঁর বাড়িতে এসে তাঁকেসহ বোন ও বোনের বন্ধুকে মিথ্যা অপবাদ দিয়ে ৫০ হাজার টাকা জরিমানা করেন।
গৃহবধূ বলেন, একপর্যায়ে তাঁর বোন ও বোনের বন্ধুকে দড়ি দিয়ে বেঁধে স্থানীয় ওয়ার্ড পুলিশিং কমিটির সাধারণ সম্পাদক ইসমাইল হোসেনের বাড়িতে নিয়ে যাওয়া হয়।
এরপর তাঁকেও সেখানে নিয়ে আসা হয়। সেখানে শতাধিক গ্রামবাসীর সামনে লাঠি দিয়ে রুহুল ও বিল্লাল তাঁদের মারধর করেন।
গ্রাম ছেড়ে চলে যাওয়ার শর্তে কান ধরে ১০০ বার ওঠবস করিয়ে তাঁদের ছেড়ে দেওয়া হয়। পরদিন তাঁরা তিনজন কলারোয়া স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন। সুস্থ হয়ে ৬ সেপ্টেম্বর তিনি মামলা করেন।
গৃহবধূর ভাই বলেন, ঘটনার পর লজ্জায় তাঁর বোন ঘর থেকে বের হন না। নির্যাতনের ভিডিও ধারণ করে ইন্টারনেটে ছড়িয়ে দেওয়া হয়েছে।
সোমবার বিল্লালের স্ত্রী বলেন, মামলা হওয়ায় তাঁর স্বামী গা ঢাকা দিয়েছেন। তাঁর মামি (গৃহবধূ) মিথ্যা অভিযোগ করেছেন। ইউনিয়ন পরিষদের নির্বাচনে সদস্য পদে দাঁড়ানোর ঘোষণা দেওয়ায় তাঁর স্বামীকে ষড়যন্ত্র করে মামলায় জড়ানো হয়েছে।
এ ব্যাপারে বক্তব্য জানতে ইসমাইলের বাড়িতে গিয়ে তাঁকে পাওয়া যায়নি।
রুহুল কুদ্দুস বলেন, ইউপি সদস্য ফারুখের পরামর্শে চৌকিদার ইব্রাহিম হোসেন দড়ি দিয়ে বেঁধে ওই তিনজনকে ইসমাইল হোসেনের বাড়িতে নিয়ে যান। সেখানে তিনি ও বিল্লাল ওই তিনজনকে লাঠির বাড়ি মেরেছেন। কানে ধরে ওঠবস করিয়েছেন।
ফারুখ হোসেন বলেন, তিনি ঘটনাস্থলে ছিলেন না। থানা থেকে একজন উপপরিদর্শক (এসআই) তাঁকে বিষয়টি জানান। তিনি ঘটনাস্থলে গিয়ে নির্যাতনের শিকার তিনজনকে তাঁদের স্বজনের কাছে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করেন।
ওসি শেখ আবু সালেহ মাসুদ করিম বলেন, ওই তিনজনের কোনো অনৈতিক কাজের সঙ্গে জড়িত থাকার প্রমাণ পাওয়া যায়নি।