গ্রামবাসীর হামলায় মাদক ব্যবসায়ী খুন
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার নুরজাহানপুর গ্রামে গতকাল রোববার সকালে গ্রামবাসীর হামলায় এক মাদক ব্যবসায়ী নিহত হয়েছেন। এ সময় গ্রামবাসী দুটি বাড়িতে অগ্নিসংযোগ করেন। এতে কমপক্ষে তিনজন আহত হন।
পুলিশ ও এলাকাবাসী জানান, নুরজাহানপুর গ্রামের চিহ্নিত মাদক ব্যবসায়ী মন্নাফ মিয়া ও তাঁর ভাই মানিক মিয়া দীর্ঘদিন ধরে এলাকায় মাদক বিক্রি করছিলেন। এ কারণে এলাকাবাসী তাঁদের ওপর ক্ষুব্ধ ছিলেন।
স্থানীয়ভাবে সন্ত্রাসী হিসেবে পরিচিত মানিক মিয়া গত শনিবার রাতে নরসিংদী থেকে বাড়িতে এসে গ্রামবাসীকে উদ্দেশ করে ভীষণ গালিগালাজ করেন।
একপর্যায়ে মানিক নিজেকে নরসিংদীর বড় ‘মাস্তান’ দাবি করে গ্রামবাসীর মধ্যে আতঙ্ক সৃষ্টি করতে বেশ কিছু ককটেলের বিস্ফোরণ ঘটান। এ ঘটনায় গ্রামবাসী ফুঁসে ওঠেন। পরে তাঁরা মন্নাফ মিয়া ও মানিকের বাড়িতে হামলা চালিয়ে আগুন ধরিয়ে দেন। এ সময় গ্রামবাসীর হামলায় মানিক মিয়া ঘটনাস্থলেই টেঁটাবিদ্ধ হয়ে নিহত হন। এতে তাঁর ছেলে সুমন ও শাকিল এবং স্ত্রী আনোয়ারা বেগম গুরুতর আহত হন। পরে তাঁদের উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রূপক কুমার দাস গতকাল রাতে প্রথম আলোকে বলেন, গত ২৭ অক্টোবর রাতে নুরজাহানপুর গ্রাম থেকে এক ব্যক্তির তিনটি গরু চুরি যায়।
এ ঘটনায় গতকাল বিকেলে সালিস হওয়ার কথা ছিল। কিন্তু সালিস যাতে না হয়, সে জন্য মাদক ব্যবসায়ী মানিক ককটেল বিস্ফোরণ করে আতঙ্ক সৃষ্টি করতে চেয়েছিলেন। এ ঘটনায় গ্রামবাসী উত্তেজিত হয়ে হামলা চালান।
জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার (নবীনগর সার্কেল) শাহরিয়ার আল মামুন জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। মানিক এলাকার চিহ্নিত সন্ত্রাসী ও মাদক বিক্রেতা ছিলেন। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।