গ্রামীণ ব্যাংক কর্মকর্তাকে কুপিয়ে টাকা ছিনতাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার সোনাতলা উপজেলায় গ্রামীণ ব্যাংকের এক কর্মকর্তাকে কুপিয়ে দেড় লক্ষাধিক টাকা ছিনতাই হয়েছে বলে অভিযোগ উঠেছে। আজ রোববার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার চরপাড়া-হাট করমজা সড়কের ঠাকুরপাড়া সেতু এলাকায় এই ছিনতাইয়ের ঘটনা ঘটে।

গ্রামীণ ব্যাংকের ওই কর্মকর্তার নাম আরিফুর রহমান (৩০)। আশঙ্কাজনক অবস্থায় আরিফুর রহমানকে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, আরিফুর গ্রামীণ ব্যাংকের সোনাতলা উপজেলার জোড়গাছা ইউনিয়নের হাট করমজা শাখার জ্যেষ্ঠ কেন্দ্র ব্যবস্থাপক। রোববার সকাল থেকে উপজেলার চরপাড়া ও গোঁসাইবাড়ি এলাকায় গ্রামীণ ব্যাংকের বিভিন্ন কেন্দ্রের সদস্যদের কাছ থেকে সঞ্চয় ও ঋণের কিস্তির টাকা সংগ্রহ করে দুপুর ১২টার দিকে ব্যাংকের হাট করমজা শাখার দিকে মোটরসাইকেল যোগে রওনা দেন তিনি। দুপুর সাড়ে ১২টার দিকে চরপাড়া-হাট করমজা সড়কের ঠাকুরপাড়া (বুড়ামেলা) সেতুর কাছে পৌঁছালে ৬/৭ জন ছিনতাইকারী তাঁর মোটরসাইকেলের পথরোধ করে। ছিনতাইকারীরা তাঁকে কুপিয়ে টাকা ভর্তি ব্যাগ নিয়ে পালিয়ে যায়। আরিফুরের চিৎকারে আশপাশের লেকাজন গিয়ে তাঁকে উদ্ধার করে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।

গ্রামীণ ব্যাংকের হাট করমজা শাখার কর্মকর্তা সাজেদুল ইসলাম বলেন, আরিফুরের কাছে ঋণের কিস্তি ও সঞ্চয় আদায়ের প্রায় দেড় লাখ টাকা ছিল। ছিনতাইকারীরা সব টাকা নিয়ে গেছে।

সোনাতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুল ইসলাম বলেন, ছিনতাই হওয়া টাকা উদ্ধারে বিভিন্ন স্থানে পুলিশের অভিযান চলছে।