গ্রামীণ ব্যাংক কর্মকর্তাকে কুপিয়ে টাকা ছিনতাই
ফেনীর সোনাগাজীতে গ্রামীণ ব্যাংকের এক কর্মকর্তাকে কুপিয়ে এক লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগে এক যুবকে আটক করে পুলিশে দিয়েছে এলাকাবাসী। গতকাল রোববার দুপুরে উপজেলার সমপুর গ্রামে এ ঘটনা ঘটে।
সোনাগাজী থানার পুলিশ সূত্রে জানা গেছে, গ্রামীণ ব্যাংকের মাঠ কর্মকর্তা নুরুল গণি (৩৫) ঋণের কিস্তির টাকা সংগ্রহ করে শাখা কার্যালয়ে ফিরছিলেন। এই সময় উপজেলার মঙ্গলকান্দি ইউনিয়নের সমপুর গ্রামে তিন যুবক তাঁর গতি রোধ করে টাকার ব্যাগ ছিনিয়ে নেন। নুরুল গণিকে এলোপাতাড়ি কুপিয়ে আহত করে ছিনতাইকারীরা। পরে এলাকার লোকজন তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন।
ঘটনার পর এলাকাবাসী নুরুল আলম (২৫) নামের একজনকে ছিনতাইকারী দলের সদস্য সন্দেহে আটক করে পুলিশের হাতে তুলে দেয়। গ্রামীণ ব্যাংক মঙ্গলকান্দি শাখার ব্যবস্থাপক মোবারক হোসেন বলেন, এ ঘটনায় ব্যাংকের পক্ষ থেকে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
সোনাগাজী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হুমায়ুন কবির বলেন, ঘটনার সঙ্গে জড়িতদের নাম পরিচয় জানা গেছে। তাঁদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।