গ্রামীণফোনের বিক্রয়কর্মীকে গুলি করে হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গ্রামীণফোনের জামালপুর শাখার বিক্রয়কর্মী আরিফ মিয়াকে (৩০) গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ সময় দুর্বৃত্তরা ৫০ হাজার টাকার স্ক্র্যাচকার্ড, মুঠোফোনের তিন শতাধিক সিম ও পাঁচটি মুঠোফোন লুট করে নিয়ে যায়।
সদর উপজেলার মেষ্টা ইউনিয়নের হাসিল বটতলা এলাকায় গতকাল রোববার বেলা ১১টার দিকে ওই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত আরিফ মিয়া জেলার মেলান্দহ উপজেলার শাহাজাদপুর গ্রামের মিয়াবাড়ির আবুল হাশেমের ছেলে। তিনি প্রায় এক বছর ধরে গ্রামীণফোনের বিক্রয়কর্মী ছিলেন।
পুলিশ ও পরিবার সূত্রে জানা যায়, গতকাল সকাল সাড়ে আটটার দিকে আরিফ মিয়া গ্রামীণফোন জামালপুর শাখা কার্যালয়ে যান। পরে নয়টা ৪৫ মিনিটে বিক্রয়কর্মী আরিফ মিয়া, জাকির হোসেন ও বিজ্ঞাপন প্রতিনিধি শাহাদৎ হোসেন স্ক্র্যাচকার্ড ও সিম বিক্রির জন্য একটি মোটরসাইকেলে করে সরিষাবাড়ীর দিকে রওনা দেন। হাসিল বটতলা এলাকায় দুর্বৃত্তরা আরিফকে গুলি করে হত্যা করে। এ সময় তাঁর সঙ্গে থাকা ওই দুজনকে গুলি করার ভয় দেখিয়ে স্ক্র্যাচকার্ড, সিম নিয়ে কয়েকটি ফাঁকা গুলি ছুড়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জামালপুর জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
আরিফের সঙ্গে থাকা শাহাদৎ হোসেন জানান, মোটরসাইকেলটি চালাচ্ছিলেন আরিফ মিয়া। জামালপুর শহর থেকে ১০ কিলোমিটার দূরে কেন্দুয়া কালীবাড়ি বাজার এলাকা অতিক্রমের সময় দুটি মোটরসাইকেলে ছয়জন লোক তাঁদের পিছু নেয়। হাসিল বটতলা এলাকায় তাঁদের মোটরসাইকেলটির গতি রোধ করা হয়। কিছু বুঝে ওঠার আগেই একজন আরিফ মিয়ার বুকে পিস্তল ঠেকিয়ে গুলি করে।
জামালপুরের নারায়ণপুর তদন্তকেন্দ্রের ইনচার্জ এসআই মহব্বত কবীর ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পাওয়ার পর নারায়ণপুর তদন্তকেন্দ্রের পুলিশ ও জামালপুরের পুলিশ সুপার নজরুল ইসলাম ঘটনাস্থলে যান এবং প্রত্যক্ষদর্শীদের জিজ্ঞাসাবাদ করেন।