গ্রামীণফোনের দুই কর্মীকে গুলি করে ও কুপিয়ে টাকা ছিনতাই
গোপালগঞ্জে গ্রামীণফোনের এক কর্মীকে গুলি করে, আরেকজনকে কুপিয়ে জখম করে তাঁদের কাছে থাকা প্রতিষ্ঠানের ২৭ লাখ ৬০ হাজার টাকা লুটে নিয়েছে ছিনতাইকারীরা। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় শহরের কালীবাড়ি মোড় এলাকায় এ ঘটনা ঘটে।
গ্রামীণফোনের গুলিবিদ্ধ অফিস সহকারী গোপালগঞ্জ পৌর এলাকার গেটপাড়া মহল্লার মোস্তফা কাজীর ছেলে ফেরদৌস কাজী (২২)। তাঁকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। এদিকে ধারালো অস্ত্রের আঘাতে আহত কর্মচারী সদর উপজেলার মানিকহার মধুপুর এলাকার বাসিন্দা আলী কাজীকে (২৮) গোপালগঞ্জ ২৫০ শয্যার আধুনিক জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
গোপালগঞ্জ শহরে অবস্থিত গ্রামীণফোন ডিস্ট্রিবিউশন হাউস সূত্রে জানা গেছে, গতকাল ওই দুই কর্মচারী প্রতিষ্ঠানের স্থানীয় বিভিন্ন কেন্দ্র থেকে টাকা সংগ্রহ করেন। একটি ব্যাগে সেই টাকা নিয়ে রিকশায় করে তাঁরা শহরের থিয়েটার রোডের পূবালী ব্যাংকে জমা দিতে যাচ্ছিলেন।
প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা যায়, গ্রামীণফোনের কর্মচারীদের বহনকারী রিকশাটি শহরের কালীবাড়ি মোড় এলাকায় পৌঁছলে দুটি মোটরসাইকেলে করে পাঁচজন ছিনতাইকারী তাঁদের গতিরোধ করে। ছিনতাইকারীরা আলী কাজীর মুখমণ্ডলে দা দিয়ে কোপ দিলে তিনি নিচে পড়ে যান। তখন ফেরদৌসকে গুলি করে টাকার ব্যাগ নিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে ছিনতাইকারীরা।
গ্রামীণফোনের গোপালগঞ্জ ডিস্টিবিউশন হাউসের ক্যাশিয়ার সুবোদ দাস বলেন, ছিনতাই হওয়া ব্যাগে ২৭ লাখ ৬০ হাজার টাকা ছিল।
পুলিশ সুপার মিজানুর রহমান বলেন, ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে। ছিনতাই হওয়া টাকা উদ্ধার ও ছিনতাইকারীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।