গ্রামে গ্রামে ইয়াবা বিক্রি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

-মামা আছে
-কী?
-বাবা (ইয়াবা)
-কোথায়?
- ব্রিজের ওপর (কড়ালবাড়ির রাস্তার সেতু)
১৩ ডিসেম্বর সন্ধ্যার আগে লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার কেরোয়া ইউনিয়নের মোল্লারহাট পার হয়ে সামনে গেলে তিনজন যুবক এভাবেই ইয়াবা কেনার আহ্বান জানান। কড়ালবাড়ির ব্রিজের ওপর গিয়ে দেখা যায়, চার যুবক বসে আছেন। পাশে একটি মোটরসাইকেল। এ প্রতিবেদককে দেখে মোটরসাইকেল নিয়ে একজন চলে যান। এর মধ্যে আরেক মোটরসাইকেল আরোহী ইয়াবা কিনতে আসেন। একজন ইশারা দিয়ে কিছু একটা বোঝালেন।
পরে কথা হলে নাম প্রকাশ না করে তাঁরা জানান, তাঁরা এক-দেড় বছর ধরে গ্রামের নির্জন এ স্থানে বসে ইয়াবা বিক্রি করছেন। উপজেলার ১০টি ইউনিয়নে গ্রামের রাস্তাগুলোতে এখন ফেরি করে ইয়াবা বিক্রি হয়। গত এক বছরে ইয়াবা ব্যবসায়ীরা শহরের পাশাপাশি গ্রামেও ব্যাপকভাবে এটি ছড়িয়ে দিয়েছেন।
স্থানীয় ব্যক্তিরা জানান, সহজলভ্য হওয়ায় কিশোর-তরুণেরাও এ মরণ নেশায় ঝুঁকে পড়ছেন। প্রশাসন-সংশ্লিষ্টদের কোনো তৎপরতা না থাকায় গ্রামে ইয়াবার জমজমাট ব্যবসা চলছে। এ কারণে সেবনকারীর সংখ্যা আশঙ্কাজনক হারে বাড়ছে।
স্কুলশিক্ষক আবুল কালাম বলেন, প্রতিদিন বিকেল থেকে রাত ১০-১১টা পর্যন্ত মাদক ব্যবসায়ীরা গ্রামের রাস্তায় হেঁটে ইয়াবা বিক্রি করেন। প্যান্ট বা শার্টের ভেতর রেখে মুঠোফোনে যোগাযোগ করে তা বিক্রি করা হয়।
স্থানীয় বাসিন্দারা জানান, উপজেলার কেরোয়া ইউনিয়নের সুনামগঞ্জ, মালিবাড়ি, মোল্লারহাট, বাশঁতলা, নায়ারহাট, চরপাতা ইউপির পূর্ব চরপাতা, বোর্ডার বাজার, পশ্চিম চরপাতা, সিংহের পুল থেকে সুনামগঞ্জ সড়ক, সোনাপুর ইউপির বাসাবাড়ি, চরবগা, রাখালিয়া, বামনী ইউপির বাংলাবাজার, কবির হাট এলাকাসহ বিভিন্ন গ্রাম্য সড়কে বিক্রি হচ্ছে ইয়াবা। চরমোহনা, রায়পুর, উত্তর চর আবাবিল, দক্ষিণ চর আবাবিল, উত্তর চরবংশী, দক্ষিণ চরবংশী ইউনিয়নে এর বিক্রি বেশি। এ ছাড়া রায়পুর পৌরসভা বাসস্ট্যান্ড, মধুপুর, মুড়িহাটাসংলগ্ন আখড়া, মহিলা কলেজসংলগ্ন এলাকা, মুচিহাটা, পোস্ট অফিসসংলগ্ন ওয়াপদা কলোনি, পানি উন্নয়ন বোর্ডের ওয়ার্কশপ এলাকা, নতুন বাজার, গোডাউনসংলগ্ন নদীর পাড়, পীর ফয়েজউল্যা সড়কের ১০-১৫টি স্পটে এই মাদক ব্যবসা ও সেবন চলে।
১ ডিসেম্বর বিকেলে সিংহের পুল থেকে সুনামগঞ্জ পর্যন্ত ঘুরে দেখা যায়, ১০-১৫টি মোটরসাইকেল এদিক-সেদিক ছুটে বেড়াচ্ছে। বিভিন্ন স্থানেই রাস্তার পাশে দাঁড়িয়ে মোটরসাইকেলে থাকা লোকজন পথধচারীদের সঙ্গে কথা বলছেন। কথা শেষে আবার মোটরসাইকেল নিয়ে চলে যাচ্ছেন। এলাকাবাসী জানান, এঁরা গ্রামের বাসিন্দা নন। সন্ধ্যা হলে এঁরা মোটরসাইকেলে ঘুরে ইয়াবা বিক্রি করেন। এ সময় এলাকায় রাজনৈতিক দলের নেতা-কর্মীদেরও আনাগোনা বাড়ে।
এলাকার এক ইয়াবা বিক্রেতা নাম প্রকাশ না করার শর্তে বলেন, মো. জহির সর্দারের কাছ থেকে তাঁরা পাইকারি দরে ইয়াবা কিনে আনেন। জহিরের লোকজনই ইয়াবা বেচাকেনায় জড়িত।
থানায় খোঁজ নিয়ে জানা গেছে, জহির রায়পুর শহরের সর্দারবাড়ির বাসিন্দা। তাঁর পরিবারের সদস্যদের বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ২০-২৫টি মামলা রয়েছে। গত নভেম্বরে পুলিশ একটি হত্যা মামলায় জহির ও তাঁর ভাইকে গ্রেপ্তার করে। তাঁরা জেলে থাকলেও সহযোগীরা ব্যবসা চালিয়ে যাচ্ছেন। তবে জহিরের বাবা করিম সর্দার বলেন, ‘আমার ছেলেরা এখন আর এ ব্যবসা করে না। অনেকেই ইয়াবার ব্যবসা করে। কিন্তু দোষ শুধু আমার ছেলেদের হয়।’
ওই দিন রাত আটটার দিকে রায়পুর-পানপাড়া সড়ক এলাকায় কামরুল পরিচয় দিয়ে এক ইয়াবা বিক্রেতা জানান, তিনি রাজুর কাছ থেকে ইয়াবা এনে বিক্রি করেন। রাজু কিছু দিন আগে পুলিশের হাতে গ্রেপ্তার হলেও সহযোগীরা ইয়াবা সরবরাহ করছেন।
কেরোয়া ইউনিয়নের চেয়ারম্যান নাজমুল হুদা ও চরপাতা ইউনিয়নের চেয়ারম্যান মোজাফ্ফর হোসেন বলেন, গ্রামের প্রত্যেকটি নির্জন সড়কেই ইয়াবা বিক্রি হয়। আইনশৃঙ্খলা কমিটির সভায় বিষয়টি একাধিকবার উপস্থাপন করেও কোনো সুফল আসেনি।
কয়েকজন ইয়াবা বিক্রেতা জানান, প্রশাসনের সংশ্লিষ্টদের নিয়মিত মাসোহারা দিয়ে তাঁরা নির্বিঘ্নে এ ব্যবসা চালাচ্ছেন। ক্রেতার সংখ্যা বেড়ে যাওয়ায় তাঁরা গ্রামপর্যায়েও মাদক বিক্রি করছেন।
রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম মঞ্জুরুল হক আখন্দ বলেন, সুনির্দিষ্টভাবে কোন কোন এলাকায় ইয়াবা বিক্রি হয়, তা পুলিশের জানা নেই। আসলে এলাকায় ঘুরে এই ইয়াবা বিক্রি হয়। এদের ধরতে পুলিশের টহল চলে। গত এক মাসে কমপক্ষে ১০ জন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে।