গ্রামে ডাকাতি করে শহরে মজুত

গ্রামে ডাকাতি করে মালামাল শহরে এনে মজুত করা হয়। এমন তথ্যের ভিত্তিতে সিলেট নগরের মধুশহীদ এলাকার একটি বাসায় গতকাল সোমবার অভিযান চালিয়ে ডাকাতির পাঁচ ভরি স্বর্ণালংকার, ডলার-পাউন্ডসহ ৩৩ লাখ ৭০ হাজার টাকার মালামাল উদ্ধার করেছে পুলিশ। ওই বাসা থেকে এক নারীসহ দুজনকে আটক করা হয়েছে।
গতকাল দুপুরে নগরের রিকাবিবাজারে জেলা পুলিশ লাইনে সংবাদ সম্মেলন করে এ তথ্য জানিয়েছে সিলেট জেলা পুলিশ।
উদ্ধার করা ডাকাতির মালামালের মধ্যে রয়েছে পাঁচ ভরি স্বর্ণালংকার, ডলার-পাউন্ডসহ নগদ পাঁচ লাখ টাকা, প্রায় পাঁচ লাখ টাকা মূল্যমানের বিভিন্ন মডেলের ৩৫টি মুঠোফোন, ১ লাখ ২০ হাজার টাকা মূল্যের ল্যাপটপ ও চারটি কম্পিউটার, ৮০ হাজার টাকা মূল্যের এলসিডি টেলিভিশন দুটি, এক লাখ টাকা মূল্যমানের প্রায় দুই কেজি ওজনের ইমিটেশন স্বর্ণ ও ৭০ হাজার টাকা মূল্যের ছয়টি স্টিল ক্যামেরা, একটি ডিভিডি। মালামালের সঙ্গে ঘরের দরজা ভাঙা, তালা খোলার সরঞ্জামসহ চারটি চাপাতিও উদ্ধার করা হয়।
সংবাদ সম্মেলনে জানানো হয়, গত ২৭ ফেব্রুয়ারি বিশ্বনাথের পীরেরগাঁওয়ের রিদওয়ান আলীর বাড়িতে ডাকাতির ঘটনা ঘটে। এ সময় নগরের কাজলশা এলাকার বাসিন্দা নূর উদ্দিন (২১) ও মেজরটিলা এলাকার কৃষ্ণ দেবনাথ (২৮) নামের দুজনকে গ্রেপ্তার করা হয়। তাঁরা বলেন, ডাকাতি করা মালামাল শহরের মধুশহীদ এলাকার একটি বাসায় রাখা হয়েছে।
বিশ্বনাথ থানার ওসি আবদুল হাইসহ পুলিশের একটি বিশেষ দল গত রোববার থেকে মধুশহীদ এলাকার ওই বাসার সন্ধান শুরু করে। রাতে কাজলশা এলাকা থেকে সোহেল আহমদ (২১), সেবুল খাঁ (২২) নামের দুজনকে আটক করে বাসাটি শনাক্ত করা হয়। এঁদের দেওয়া তথ্যের ভিত্তিতে গতকাল সকালে মধুশহীদ আবাসিক এলাকার ১৫ নম্বর বাসা থেকে ডাকাতির মালামাল উদ্ধার করা হয়। এ সময় ওই বাসার ভাড়াটে রেখা বেগমকে (৪০) আটক করা হয়েছে।