গ্রামে ঢুকে নিরীহ মানুষকে পুলিশের ধাওয়া, আতঙ্ক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুরের বদরগঞ্জ উপজেলার আমরুলবাড়ি তুফানুপাড়া গ্রামে ঢুকে গত মঙ্গলবার রাতে একদল পুলিশ নিরীহ মানুষকে ধাওয়া ও অকথ্য ভাষায় গালাগাল করেছে বলে অভিযোগ উঠেছে। ওই সময় গ্রামের নারী-পুরুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
কয়েকজন প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, আমরুলবাড়ি তুফানুপাড়া গ্রামের ভেতরে রয়েছে একটি পানের দোকান। দোকানের পাশে মঙ্গলবার রাত নয়টার দিকে গ্রামের চার-পাঁচজন নারী গল্প করছিলেন। পাশেই দুজন স্কুলশিক্ষকসহ চারজন ক্যারম বোর্ড খেলছিলেন। এ সময় থানার উপপরিদর্শক (এসআই) সিরাজুল ইসলামের নেতৃত্বে একদল পুলিশ পিকআপভ্যান থেকে নেমেই উপস্থিত লোকজনকে ধাওয়া করে ও অকথ্য ভাষায় গালাগাল করে। পুলিশের ভয়ে উপস্থিত নারী-পুরুষেরা পালিয়ে যান। পরে পুলিশ ক্যারম বোর্ডটি ভেঙে ফেলে ও পান দোকানদার মাজেদুল হককে দোকান থেকে টেনেহিঁচড়ে তুলে নেওয়ার চেষ্টা করে।
ওই গ্রামের শিক্ষক আনিছুল হক বলেন, ‘দিনের বেলা শিক্ষকতা করি। বিনোদনের জন্য মাঝেমধ্যে রাতে সেখানে ক্যারম খেলি।’ তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, ক্যারম খেলা কি অপরাধ?
পান দোকানদার মাজেদুল হক অভিযোগ করে বলেন, ‘পুলিশ গাড়ি থেকে নেমেই নারী-পুরুষদের ধাওয়া করে। এরপর পুলিশ অকথ্য ভাষায় গালাগাল করে আমাকে দোকান থেকে টেনেহিঁচড়ে গাড়িতে তোলার চেষ্টা করে।’ মাজেদুল হক অভিযোগ করে আরও বলেন, ‘পরে পুলিশ সাদা কাগজে আমার ও আমার বাবার স্বাক্ষর নিয়ে চলে যান।’
নাম প্রকাশে অনিচ্ছুক ওই গ্রামের এক গৃহবধূ বলেন, ‘রাতে পুলিশ হাতে লাঠি নিয়েই আমাদের ধাওয়া করেন। আমরা পালিয়ে না গেলে তারা আমাদের মারত। এ সময় গ্রামের লোকজনের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।’
ওই গ্রামের শিক্ষিত যুবক আবু বক্কর সিদ্দিক (২৮) অভিযোগ করে বলেন, ‘মঙ্গলবার রাতে একদল পুলিশ গ্রামে ঢুকে ত্রাস সৃষ্টি করে। এতে নারী-পুরুষেরা আতঙ্কিত হয়ে পড়েন।’
এ ব্যাপারে অভিযুক্ত এসআই সিরাজুল ইসলাম গতকাল বুধবার দুপুরে মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘রাতে ওই গ্রামে ক্যারম খেলার কারণে তা ভেঙে থানায় নিয়ে এসেছি।’ নারী-পুরুষদের ধাওয়া ও অকথ্য ভাষায় গালাগালের অভিযোগ তিনি অস্বীকার করেন। তবে সাদা কাগজে মাজেদুল ও তাঁর বাবার স্বাক্ষর নেওয়ার ব্যাপারে জানতে চাইলে এসআই সিরাজুল ইসলাম বলেন, সাদা কাগজে কারও স্বাক্ষর নেওয়া হয়নি।
এ ব্যাপারে বদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজার রহমান বলেন, ‘বিষয়টি আমি শুনেছি। পুলিশ এসব করতে পারে না। বিষয়টি তদন্ত করে অভিযুক্ত পুলিশদের বিরুদ্ধে বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে।’