গ্রামের বাড়িতে শায়িত বাবুল হত্যা মামলা দায়ের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাবুল শিকদার
বাবুল শিকদার

মিরপুরে ক্রিকেট খেলতে গিয়ে স্টাম্পের আঘাতে নিহত বাবুল শিকদারকে গতকাল বৃহস্পতিবার তার গ্রামের বাড়িতে দাফন করা হয়েছে।
এদিকে বাবুলের বাবা মুস্তফা শিকদার গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় মিরপুর মডেল থানায় রায়হান হোসেনকে আসামি করে একটি হত্যা মামলা করেছেন। রায়হান হোসেন পলাতক।
বাবুল মিরপুরের আদর্শ উচ্চবিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী ছিল। বুধবার প্রকাশিত ফলে দেখা যায়, সে জিপিএ-৫ পেয়েছে। কিন্তু ফল প্রকাশের কয়েক ঘণ্টা আগে ক্রিকেট খেলতে গিয়ে রায়হানের স্টাম্পের আঘাতে তার মৃত্যু হয়।
মামলার তদন্ত কর্মকর্তা পুলিশের উপপরিদর্শক মো. শাহজাহান আলী প্রথম আলোকে বলেন, রায়হান হোসেন (২০) নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র বলে জানা গেছে। তাঁর বাড়ি মাদারীপুরের ভাণ্ডারীকান্দিতে। মিরপুরের ধানখেত মোড়ে পরিবারের সঙ্গেই থাকতেন। ওই ঘটনার পর থেকে তিনি পলাতক। তাঁকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
শাহজাহান আলী বলেন, ঘটনাটি খেলাকে কেন্দ্র করেই ঘটেছে বলে প্রাথমিক তদন্তে মনে হয়েছে। কোনো পূর্বশত্রুতার জের বা অন্য কিছুর আঁচ পাওয়া যায়নি।
বাবুলের বাবা মুস্তফা শিকদার প্রথম আলোকে বলেন, আজ (গতকাল বৃহস্পতিবার) বাবুলকে গ্রামের বাড়ি ফরিদপুরের দক্ষিণ আলমনগরে দাফন করা হয়েছে। তিনি বলেন, ‘আমি আমার ছেলেকে আর ফিরে পাব না। কিন্তু ভবিষ্যতে কোনো বাবা-মায়ের সন্তান যেন এভাবে না মারা যায়, তার জন্যই আমরা বিচার চাই।’