গ্রাম্য বিরোধে প্রাণ গেল স্কুলছাত্রীর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুষ্টিয়া সদর ও কুমারখালী উপজেলার চার গ্রামের মানুষের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে এক স্কুলছাত্রী নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত দুজন। তাঁদের কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। সংঘর্ষ থামাতে পুলিশ অন্তত ৩০টি ফাঁকা গুলি ছোড়ে।

আজ বুধবার বেলা একটার দিকে কুমারখালীর পাহাড়পুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত রুমি খাতুন পাহাড়পুর গ্রামের আরিফ হোসেনের মেয়ে। সে কুষ্টিয়া সদর উপজেলার কমলাপুর মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী ছিল।

কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউর রহমান জানান, দীর্ঘদিন ধরে কুষ্টিয়ার কুমারখালীর পাহাড়পুর এবং সদর উপজেলার কমলাপুর, নূরপুর ও গোপালপুর গ্রামের বাসিন্দাদের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলে আসছে। আজ দুপুরে পাহাড়পুর গ্রামের খলিলুর রহমানের লোকজন সাদ ব্যাপারীর বাড়িতে হামলা চালায়। এরপর দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। তাদের সঙ্গে অন্য তিনটি গ্রামের লোকজনও নিজ নিজ পক্ষে যোগ দেয়। উভয় পক্ষের লোকজন লাঠি, সড়কি, ফলা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় সেখানে গেলে সড়কির আঘাতে গুরুতর আহত হয় রুমি খাতুন। এ ছাড়া আহত হয় সাদ ব্যাপারীর পক্ষের রবিউল ইসলাম (৫৫) ও ছামেলা খাতুন নামের আরও দুজন। তাঁদের তিনজনকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকেরা রুমি খাতুনকে মৃত ঘোষণা করেন।

কুষ্টিয়া জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক নাসিমুজ্জামান বলেন, রুমিকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তার বুকে ধারালো কিছু দিয়ে আঘাত করায় সে মারা গেছে।

ওসি জিয়াউর রহমান জানান, পরিস্থিতি শান্ত করতে পুলিশ ৩০টি ফাঁকা গুলি ছোড়ে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।