নোয়াখালীর হাতিয়া উপজেলার হাতিয়া পৌরসভায় সাত বছরের এক শিশু ধর্ষণের শিকার হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। গত শুক্রবার দুপুরে এ ঘটনা ঘটে। শিশুটিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। মামলা না করে গ্রাম্য সালিসে স্থানীয় ব্যক্তিরা ঘটনাটি মীমাংসার চেষ্টা করছেন বলেও অভিযোগ উঠেছে।
শিশুটির বাবা গতকাল শনিবার মুঠোফোনে প্রথম আলোকে বলেন, তাঁর মেয়ে স্থানীয় একটি বিদ্যালয়ের প্রথম শ্রেণিতে পড়ে। শুক্রবার দুপুরে মো. রাশেদ নামের এক প্রতিবেশী যুবক তাঁর মেয়েকে বেড়াতে নেওয়ার কথা বলে নির্জন স্থানে নিয়ে ধর্ষণ করেন। এ সময় শিশুটির চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে রাশেদ পালিয়ে যান। বিকেলে শিশুটিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
হাতিয়া থানার পরিদর্শক (তদন্ত) মো. জাকির হোসেন বলেন, শুক্রবার রাতে তিনি ঘটনার পরই হাসপাতালে গিয়ে শিশুটিকে দেখে এসেছেন। বাবা-মাকে বলে এসেছেন থানায় আসার জন্য। কিন্তু শনিবার বিকেল পর্যন্ত তাঁরা আসেননি।
থানায় না যাওয়ার বিষয়ে ধর্ষনের শিকার শিশুটির বাবা বলেন, ‘করিম মেম্বারসহ সমাজের লোকজন বলছেন, বিষয়টি স্থানীয়ভাবে বসে মীমাংসা করে দেবেন। তাঁদের কথা না শুনেও পারা যাচ্ছে না।’
এ বিষয়ে আবদুল করিম ওরফে করিম মেম্বার মুঠোফোনে বলেন, তাঁরা সমাজের লোকজন ঠিক করেছেন, দুই পরিবারকে নিয়ে বসে সুন্দরভাবে ঘটনাটির মীমাংসা করে দেবেন। বিষয়টি গ্রাম্য সালিসে মীমাংসাযোগ্য কি না, এ বিষয়ে জানতে চাইলে আবদুল করিম কোনো উত্তর দেননি।
স্থানীয় ব্যক্তিরা জানান, আবদুল করিম একসময় ইউনিয়ন পরিষদ নির্বাচনে সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন, কিন্তু জিততে পারেননি। ওই পরিচয়ে তিনি এলাকায় সালিস-বিচার করেন।
হাতিয়া থানার পরিদর্শক মো. জাকির হোসেন এ বিষয়ে কিছু শোনেননি বলে জানান।