গ্রাহকদের আমানতের অর্থ নিয়ে উধাও!
ইসলামী মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটি নামের একটি সংস্থা ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার বিপুলসংখ্যক গ্রাহকের আমানতের অর্থ নিয়ে উধাও হয়ে গেছে। গত শনিবার থেকে সংস্থাটির বন্ধ কার্যালয়ের সামনে গ্রাহকেরা ভিড় জমান।
কয়েকজন ক্ষুদ্র ব্যবসায়ী সূত্রে জানা যায়, ২০০৮ সালে ঈশ্বরগঞ্জ পৌর শহরের মধ্যবাজার এলাকার আসাদ মার্কেটের দ্বিতীয় তলায় একটি ভাড়া করা কক্ষে কার্যালয় স্থাপন করে কার্যক্রম শুরু করে ওই সংস্থাটি। সংস্থার একমাত্র কর্মকর্তা ফয়েজ উদ্দিন নামের এক ব্যক্তি। তিনি সংস্থার কর্মকর্তা পরিচয় দিয়ে প্রতিদিন গ্রাহকদের কাছ থেকে সঞ্চয়, মেয়াদি, বিনিয়োগ, শেয়ার খাতসহ ছয় ধরনের খাতে আমানত সংগ্রহ করতেন। অনেকেই সংস্থাটির বিভিন্ন খাতে এক থেকে ১০ লাখ টাকা পর্যন্ত আমানত জমা রাখেন।
স্থানীয় লোকজন জানান, তিন মাস ধরে সংস্থাটি ঋণ কার্যক্রম বন্ধ রেখে শুধু আমানত সংগ্রহ করছিল। গত শুক্রবার ফয়েজ উদ্দিন দৈনিকভিত্তিক সঞ্চয় খাতের টাকা সংগ্রহ করেন। বলা হয়েছিল, এ মাস থেকে আবার ঋণ দেওয়া হবে। পরদিন শনিবার ছিল ঋণ বিতরণের পূর্বনির্ধারিত তারিখ। সেদিন সকালে সংস্থার কার্যালয়ের সামনে লোকজন জড়ো হয়ে কার্যালয়টি বন্ধ দেখাতে পান। অনেকেই ফয়েজ উদ্দিনের মুঠোফোনে ফোন করে সেটি বন্ধ পান।
ময়মনসিংহ জেলা সমবায় কর্মকর্তা হরিদাস ঠাকুর বলেন, ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। আমানত হিসেবে কী পরিমাণ অর্থ ওই সংস্থায় জমা আছে, তার সঠিক হিসাব জানার চেষ্টা করা হচ্ছে। গ্রাহকদের সঙ্গে প্রতারণা করার প্রমাণ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।