গ্রাহকদের দেড় কোটি টাকা আত্মসাৎ
বরিশালের গৌরনদী উপজেলায় আল-মদিনা ইসলামি সঞ্চয় ও ঋণদান কো-অপারেটিভ লিমিটেড নামের একটি প্রতিষ্ঠান পাঁচ শতাধিক গ্রাহকের কাছ থেকে দেড় কোটি টাকা হাতিয়ে নিয়ে উধাও হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
প্রতারণার শিকার অন্তত ১০ জন গ্রাহক সূত্রে জানা গেছে, ২০০৯ সালে পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার তাফালবাড়িয়া গ্রামের চৌধুরী মুহাম্মদ শহীদুল ইসলামকে চেয়ারম্যান, তাঁর প্রথম স্ত্রী বেগম খাদিজা ইসলামকে ব্যবস্থাপনা পরিচালক, দ্বিতীয় স্ত্রী সৈয়দা ইসরাত জাহানকে সহব্যবস্থাপনা পরিচালক ও তাঁর ছেলে হামিদুল ইসলামকে সহকারী পরিচালক করে আল-মদিনা ইসলামি সঞ্চয় ও ঋণদান কো-অপারেটিভ লিমিটেড নামের ওই প্রতিষ্ঠান আত্মপ্রকাশ করে। বরিশালের রূপাতলী হাইস্কুল সড়কের মদিনা ভবনে প্রধান কার্যালয় স্থাপন করা হয়। ২০০৯ সালের ফেব্রুয়ারিতে পিংলাকাঠী বন্দরে একটি কার্যালয় ভাড়া নিয়ে স্থানীয় তোফাজ্জেল হোসেনকে শাখা ব্যবস্থাপক নিয়োগ করা হয়। পরবর্তী সময়ে উপজেলার নলচিড়া, সরিকল ও বাটাজোর ইউনিয়নে দারিদ্র্য বিমোচন কর্মসূচি কার্যক্রম শুরু করা হয়। শুরুতেই উপজেলার নলচিড়া ইউনিয়নের পিঙ্গলাকাঠি, কা-পাশা, কুতুবপুর, কলাবাড়িয়া, শংকরপাশা, দিয়াশুর, লেবুতলী, কালনা সরিকল ইউনিয়নের শরিকল, হোসনাবাদ, মিয়ারচর, চর শরিকল, সাকোকাঠি, শাহজিরা ও বাটাজোর ইউনিয়নের শংকরপাশা, বাহাদুরপুর, দক্ষিণ বাহাদুরপুর গ্রামের গ্রাম সংগঠনের নামে পাঁচ শতাধিক সদস্যভুক্ত করা হয়। কিন্তু তাঁরা গত জুন মাসে জানতে পারেন প্রতিষ্ঠানের কর্মকর্তারা টাকা নিয়ে উধাও হয়ে গেছেন। তারপর বরিশালে প্রধান কার্যালয়ে গিয়ে একই তথ্য জানতে পারেন।
নলচিড়া গ্রামের রাবেয়া বেগম, শংকরপাশা গ্রামের বরুবিবি, কালনা গ্রামের আইয়ুব আলীসহ কয়েকজন গ্রাহক বলেন, প্রতিষ্ঠানটি গ্রামের মানুষদের সঞ্চয়ের অনুকূলে দ্বিগুণ ঋণদান, পাঁচ বছরে দ্বিগুণ, প্রতি লাখে মাসে তিন হাজার টাকা মুনাফা ও শেয়ার বিক্রিসহ নানা লোভনীয় লভ্যাংশ দেওয়ার ফাঁদে ফেলে।
বাহাদুর গ্রামের সুলতানা বেগম বলেন, ‘আমি ও আমার পাঁচ আত্মীয় প্রায় তিন লাখ টাকা জমা দিয়েছিলাম। লভ্যাংশ তো দূরে থাক, আসল টাকা উদ্ধার করা যাবে কি না জানি না।’
নলচিড়া ইউনিয়নের খানাবাড়ী গ্রামের গৃহবধূ হাসিনা বেগম বলেন, ‘দ্বিগুণ লভ্যাংশের লোভ দেখিয়ে প্রতারক চক্রের সদস্যরা আমার ৬৬ হাজার টাকা হাতিয়ে নেন।’ উপজেলার ক্রকিরচর গ্রামের আবুল খায়ের সিদ্দিক বলেন, ‘প্রতিষ্ঠানটির মালিকানার শেয়ার বিক্রি বাবদ আমার কাছ থেকে ১৫ লাখ টাকা হাতিয়ে নেন প্রতিষ্ঠানের চেয়ারম্যানসহ কর্মকর্তারা।’
এ ঘটনায় প্রতিষ্ঠানটির শাখা ব্যবস্থাপক মো. তোফাজ্জেল হোসেন বাদী হয়ে গত জুলাই মাসে বরিশাল মুখ্য মেট্রোপলিটন হাকিম আদালতে মামলা করেছেন।
এতে আল-মদিনা ইসলামি সঞ্চয় ও ঋণদান কো-অপারেটিভ লিমিটেডের চেয়ারম্যান চৌধুরী মুহাম্মদ শহীদুল ইসলাম, ব্যবস্থাপনা পরিচালক তাঁর প্রথম স্ত্রী বেগম খাদিজা ইসলাম, সহব্যবস্থাপনা পরিচালক দ্বিতীয় স্ত্রী সৈয়দা ইসরাত জাহান, সহকারী পরিচালক তাঁর ছেলে হামিদুল ইসলাম ও দাপ্তরিক কর্মকর্তা মো. সহিদুল ইসলামকে আসামি করা হয়েছে।
তোফাজ্জেল হোসেন বলেন, ‘বেকারত্ব দূর করতে ভালো বেতনের আশায় চাকরি নিয়েছিলাম। এভাবে প্রতারণা করে চেয়ারম্যান ও তাঁর স্বজনেরা হঠাৎ চলে যাবেন ভাবতেও পারিনি। আমার বেতন-ভাতাও ঠিকমতো পাইনি। আমার জানামতে, প্রতিষ্ঠানটি অন্তত দেড় কোটি টাকা হাতিয়ে নিয়ে গেছে।’
প্রতিষ্ঠানটির চেয়ারম্যান চৌধুরী মুহাম্মদ শহীদুল ও অন্য কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। তবে মঠবাড়িয়া উপজেলার সাপলেজা ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য মো. হাফিজুর রহমান মোল্লা বলেন, শহীদুলের বাড়ি এ ইউনিয়নের তাফালবাড়িয়া গ্রামে। শহীদুলের বিরুদ্ধে স্থানীয় থানায় প্রতারণাসহ একাধিক মামলা আছে। এ কারণে তিনি কয়েক বছর ধরে এলাকাছাড়া।
উপজেলা সমবায় কর্মকর্তা এস এম ফরিদ হোসেন বলেন, ‘সমবায় অধিদপ্তরের নীতিমালা অনুযায়ী, প্রতিষ্ঠানটির কার্যক্রম ছিল অবৈধ। অধিক মুনাফার লোভে পড়ে গ্রামের নিরীহ লোকজন প্রতারিত হয়েছেন। টাকা জমা রাখার আগে আমাদের কাছ থেকে খোঁজখবর নেওয়া উচিত ছিল।’