গ্রাহকদের বিপুল অর্থ আত্মসাতের অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহারে আপ্রকাশি নামের একটি ক্ষুদ্রঋণ প্রদান ও আমানত সংগ্রহকারী প্রতিষ্ঠান গ্রাহকদের কোটি কোটি টাকা আত্মসাৎ করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। প্রতিষ্ঠানটির মালিক এস এস জুয়েল সপরিবারে আত্মগোপনে রয়েছেন।
এই পরিপ্রেক্ষিতে গত রোববার থেকে আপ্রকাশির সহযোগী প্রতিষ্ঠান স্টার রেস্তোরাঁ দখলে নিয়েছেন শতাধিক নারী গ্রাহক। তাঁরা ওই রেস্তোরাঁর ভেতর অবস্থান করছেন।
গ্রাহক ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, ২০০৩ সালে সান্তাহার শহরের মুক্তিযোদ্ধা বিপণিবিতানে এস এম জুয়েল আপ্রকাশি মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটি নামের ঋণদান এবং আমানত গ্রহণ ও মুনাফা প্রদান কার্যালয় খোলেন। শুরুতে প্রতি লাখ টাকায় প্রতি মাসে গ্রাহকদের দুই হাজার টাকা করে মুনাফা দিতেন। অধিক মুনাফার লোভে কয়েক বছরে গ্রাহকসংখ্যা হয় প্রায় দুই হাজার। গ্রাহকদের আমানতের টাকার পরিমাণ অন্তত ৫০ কোটি টাকা। প্রথম দিকে সংস্থাটি নিয়মিত মুনাফা দিত। কিন্তু গত বছরের অক্টোবর থেকে মুনাফা কমিয়ে দেয়। এতে গ্রাহকেরা ক্ষুব্ধ হয়ে ওঠেন। পরে গ্রাহকেরা কম মুনাফা নিতে রাজি হন। তবে চলতি বছরের জানুয়ারি থেকে মুনাফার টাকা দেওয়া বন্ধ করে দেওয়া হয়। এ কারণে বিপুলসংখ্যক গ্রাহক তাঁদের আমানত ফেরত পেতে আপ্রকাশি কার্যালয়ে ধরনা দিতে থাকেন। জুলাইয়ে গ্রাহকের টাকা ফেরত দেওয়া হবে প্রতিশ্রুতি দিয়ে কার্যালয়ে নোটিশ টাঙানো হয়। কিন্তু ওই মাসে টাকা ফেরত দেওয়া হয়নি। এতে কয়েক শ গ্রাহক ক্ষুব্ধ হয়ে প্রধান কার্যালয় ও সহযোগী প্রতিষ্ঠান একই এলাকায় অবস্থিত স্টার রেস্তোরাঁয় কয়েক দফা হামলা, ভাঙচুর করে তালা ঝুলিয়ে দেন। কিন্তু এতেও কোনো সুরাহা না হলে গত ৪ আগস্ট রাতে কয়েকজন গ্রাহক জুয়েলকে পিটিয়ে আহত করেন। ঈদুল আজহার প্রায় এক সপ্তাহ আগে প্রায় আড়াই শ গ্রাহককে মাত্র এক হাজার টাকা করে দেওয়া হয়। এতে তাঁরা ক্ষিপ্ত হয়ে ওঠেন। তাঁরা ১০ সেপ্টেম্বর প্রতিষ্ঠানটির প্রধান কার্যালয়, স্টার রেস্তোরাঁ ও জুয়েলের বাসায় ভাঙচুর করেন। এই পরিস্থিতিতে ঈদের আগের দিন রাতে সপরিবারে আত্মগোপন চলে যান জুয়েল।
‘মহিলা পাওনাদার টাকা উদ্ধার কমিটি’র আহ্বায়ক রাবেয়া আক্তার বলেন, ‘ক্ষমতাসীন দলের সমর্থিত প্রভাবশালীরা যে যাঁর মতো করে জুয়েলের সম্পদ দখল করে নিয়েছেন। এ কারণে আমরা শতাধিক অসহায় নারী আমানতকারী কমিটি করে স্টার রেস্তোরাঁ দখল করেছি। আমাদের সবার পাওনার পরিমাণ প্রায় আড়াই কোটি টাকা। এই টাকা ফেরত পেলে আমরা রেস্তোরাঁ ছেড়ে দেব।’
আফরিন আরা, বৃষ্টি আক্তার, শাহিনুর বেগমসহ কয়েকজন গ্রাহক বলেন, ‘এস এম জুয়েল আমাদের টাকা আত্মসাৎ করে যেকোনো মুহূর্তে দেশ ত্যাগ করতে পারেন। আমরা কষ্টার্জিত টাকা ফেরত পেতে সরকারের হস্তক্ষেপ কামনা করছি।’
আপ্রকাশির মালিক এস এম জুয়েলের সঙ্গে কথা বলতে তাঁর মুঠোফোনে একাধিকবার ফোন করলেও তিনি ধরেননি। তাঁর বড় বোন রেবেকা সুলতানা বানু প্রথম আলোকে বলেন, ‘আমার ভাই আমানতের টাকা আত্মসাৎ করেনি। আত্মসাতের ইচ্ছে থাকলে টাকা দেওয়া শুরু করতেন না। কিন্তু যেভাবে হামলা, ভাঙচুর, মারপিট করা হচ্ছে, তাতে আমাদের কোনো নিরাপত্তা নেই।’
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেজাউল করিম বলেন, বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে পুলিশি নজরদারি রাখা হয়েছে।