গ্রাহকের অর্থ আত্মসাৎ: দুই ব্যাংক কর্মকর্তার বিরুদ্ধে দুদকের মামলা

৩৯ জন গ্রাহকের সোয়া দুই কোটি টাকা আত্মসাতের দায়ে বাংলাদেশ কমার্স ব্যাংকের বরখাস্ত হওয়া দুই কর্মকর্তার বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ মঙ্গলবার সংস্থার উপপরিচালক শেখ মো. ফানাফিল্লা চট্টগ্রামের কোতোয়ালি থানায় এ মামলা করেন।
যাঁদের বিরুদ্ধে মামলা হয়েছে, তাঁরা হলেন ব্যাংকটির চট্টগ্রামের খাতুনগঞ্জ শাখার সাবেক নির্বাহী কর্মকর্তা মঈন উদ্দিন আহমেদ ও দ্বিতীয় কর্মকর্তা মনিরুল ইসলাম। দুদকের উপপরিচালক (জনসংযোগ) প্রণব কুমার ভট্টাচার্য্য প্রথম আলোকে বিষয়টি নিশ্চিত করেছেন।
মামলার এজাহারে বলা হয়, মঈন উদ্দিন আহমেদ ও মনিরুল ইসলাম পরস্পর যোগসাজশে অসৎ উদ্দেশ্যে প্রতারণার মাধ্যমে বিধিবহির্ভূতভাবে এক হিসাব থেকে অন্য হিসাবে অর্থ স্থানান্তরের মাধ্যমে ৩৯ জন গ্রাহকের ২ কোটি ১৪ লাখ ১৫ হাজার ৫২৩ টাকা আত্মসাৎ করেছেন। পরে ব্যাংক কর্তৃপক্ষ বাধ্য হয়ে গ্রাহকদের ওই অর্থ পরিশোধ করেছে। এ ছাড়া আসামিরা পেমেন্ট অর্ডারের বিপরীতে পাঁচ লাখ টাকা আত্মসাৎ করেছেন। অর্থাৎ অভিযুক্ত ব্যাংক কর্মকর্তারা মোট ২ কোটি ১৯ লাখ ১৫ হাজার ৫২৩ টাকা আত্মসাৎ করেছেন বলে দুদকের অনুসন্ধানে প্রমাণ হয়েছে।
দুদক সূত্র জানায়, অনুসন্ধানে পাওয়া নথিপত্র পর্যালোচনা করে দেখা যায়, বাংলাদেশ কমার্স ব্যাংকের খাতুনগঞ্জ (চট্টগ্রাম) শাখায় ২০১১ সালের ১১ জুলাই নির্বাহী কর্মকর্তা হিসেবে মঈন উদ্দিন আহমেদ ও দ্বিতীয় কর্মকর্তা হিসেবে মনিরুল ইসলাম যোগ দেন। ব্যাংকের লেনদেন কম্পিউটারাইজড ও অনলাইনে লেনদেন পাসওয়ার্ডের মাধ্যমে সম্পন্ন হতো। ফলে এই অর্থের দায় ওই দুই কর্মকর্তার ওপর বর্তায়।