গ্রাহকের অর্থ আত্মসাৎ, ব্যাংকার গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুর্নীতির মামলায় সিটি ব্যাংক লিমিটেডের একজন জ্যেষ্ঠ কর্মকর্তাকে গ্রেপ্তার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ বুধবার রাজধানীর হাইকোর্ট এলাকার শিক্ষা ভবনের সামনে থেকে মো. মোসাব্বির রহিম নামের ওই কর্মকর্তাকে গ্রেপ্তার করা হয়।

দুদকের জনসংযোগ বিভাগ জানিয়েছে, গ্রেপ্তার মো. মোসাব্বির রহিম সিটি ব্যাংক লিমিটেডের অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট (এভিপি) ও কার্ড সার্ভিসেসের প্রধান।

দুদক সূত্র জানায়, চলতি বছরের আগস্ট মাসে মোসাব্বির রহিমের বিরুদ্ধে রাজধানীর বনানী থানায় মামলা করেন সিটি ব্যাংক লিমিটেডের ভাইস প্রেসিডেন্ট এ কে এম আইউব উল্লাহ। মামলার এজাহারে বলা হয়, মোসাব্বির রহিম ব্যাংকটির জনৈক গ্রাহকের কাছ থেকে মেয়াদি আমানত (এফডিআর) করার জন্য ২০ লাখ টাকা নেন। কিন্তু এফডিআর না করেই তাঁকে এফডিআরের ভুয়া কাগজপত্র দেন এবং ২০ লাখ টাকা আত্মসাৎ করেন। এ ছাড়া তাঁর বিরুদ্ধে ৩৮ লাখ ৪০ হাজার টাকার ভুয়া ব্যাংক গ্যারান্টি ইস্যু করার অভিযোগও আনা হয়। মামলার তদন্তের ভার আসে দুদকের ওপর। সহকারী পরিচালক মনিরুল ইসলামকে তদন্ত কর্মকর্তা নিয়োগ করা হয়। তদন্তের অংশ হিসেবে মোসাব্বির রহিমকে গ্রেপ্তার করা হয়।