গ্রাহকের কোটি টাকা নিয়ে প্রতিষ্ঠান উধাও
চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলা থেকে গ্রাহকের প্রায় এক কোটি টাকা নিয়ে এইড ফাউন্ডেশন নামের একটি প্রতিষ্ঠানের কর্মকর্তারা উধাও হয়ে গেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। প্রতিষ্ঠানটি স্থানীয় সমাজসেবা বা সমবায় কর্মকর্তার কার্যালয় থেকে অনুমোদন নেয়নি। এভাবে প্রতিষ্ঠানটি ১০ বছর অবৈধভাবে আমানত সংগ্রহ করেছে।
কয়েকজন গ্রাহকের সঞ্চয়ী হিসাবের বই ঘেঁটে দেখা গেছে, এইড ফাউন্ডেশনের পূর্ণ নাম আল আরাফাত এনভায়রনমেন্ট ডেভেলপমেন্ট ফাউন্ডেশন। হাজীগঞ্জ পূর্ব বাজারের তালুকদার ভবনের দ্বিতীয় তলায় এর কার্যালয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, ২০০৬ সালে এর কার্যক্রম শুরু হয়। প্রতিষ্ঠানটির গ্রাহক সংখ্যা প্রায় দুই হাজার। এসব সদস্যের কাছ থেকে প্রতিষ্ঠানটি কোটি টাকার মতো আমানত সংগ্রহ করেছে।
ভবনের মালিক আনিছুর রহমান তালুকদার জানান, ঈদের ছুটিতে গিয়ে প্রতিষ্ঠানটির কর্মকর্তারা আর কার্যালয়ে আসেননি। তাঁদের ব্যবহৃত মুঠোফোন নম্বরগুলো বন্ধ পাওয়া যাচ্ছে। তিনি বলেন, ‘প্রতিদিন অসংখ্য লোকজন কার্যালয়ের সামনে ভিড় করছে। আমি তাদের কাছে ভাড়া ও ঋণ বাবদ ১২ লাখ টাকার মতো পাওনা আছি।’
একাধিক গ্রাহকের সঙ্গে কথা বলে ও খোঁজ নিয়ে জানা গেছে, কুমিল্লার বরুড়া উপজেলার মুদাফ্ফরগঞ্জ এলাকার ইব্রাহিম খলিল নামের এক ব্যক্তি প্রতিষ্ঠানটি পরিচালনা করতেন। তিন মাস আগে তিনি কাতার চলে গেছেন। হাজীগঞ্জ পৌরসভার মকিমাবাদ গ্রামের আজাদ হোসেন সংস্থাটির কোষাধ্যক্ষ ও একই গ্রামের শ্রীকৃষ্ণ নামের একজন গ্রাহকদের কাছ থেকে সঞ্চয়ের টাকা আদায় করতেন।
এ ব্যাপারে কথা বলার জন্য ইব্রাহিম খলিল, আজাদ হোসেন ও শ্রীকৃষ্ণের মুঠোফোনে ফোন করে সেগুলো বন্ধ পাওয়া গেছে। তবে আজাদ হোসেনের ছোট ভাই জাকির মজুমদার বলেন, তাঁর ভাই তাঁদের ও আত্মীয়দের কয়েক লাখ টাকা ওই প্রতিষ্ঠানে জমা দিয়েছেন। তাঁর ভাইসহ সংস্থার চারজন বর্তমানে কাতারে আছেন। তাঁরা সেখানে ব্যবসা-বাণিজ্যের চেষ্টা করছেন। সেখান থেকে কয়েক মাসের মধ্যে পর্যায়ক্রমে গ্রাহকদের পাওনা পরিশোধ করা হবে। শ্রীকৃষ্ণের ভাড়া বাসায় গিয়ে জানা গেছে, ঈদের আগের দিন তিনি পরিবার নিয়ে ভারত চলে গেছেন।
সোমবার দুপুরে সংস্থাটির কার্যালয়ে গিয়ে দেখা যায়, ৫০-৬০ জন নারী ও পুরুষ সমবেত হয়েছেন। এঁরা সবাই উপজেলার বড়কুল (পূর্ব) ইউনিয়নের বড়কুল গ্রামের বাসিন্দা। শাহানারা জানান, তিনি মাসে এক হাজার টাকা করে এ পর্যন্ত ৩২ হাজার টাকা জমা রেখেছেন। তাকে ছয় বছর পর দ্বিগুণ টাকা দেওয়ার চুক্তি হয়েছে।
শিরিনা আক্তার নামে আরেকজন জানান, তিনি এ পর্যন্ত ১৪ হাজার ৪০০ টাকা জমা রেখেছেন। এই গ্রামের মিজানুর রহমান মাসিক দুই হাজার টাকা হারে ৯৮ হাজার টাকা জমা দিয়েছেন। তার হিসাব নম্বর ১৩১৭। এ ছাড়া আরেকটি হিসাবে তিনি ২০০ টাকা মাসিক জমা রেখেছেন। ফিরোজা বেগম নামের আরেক নারী জানান, তিনি মাসে ২০০ টাকা করে ইতিমধ্যে চার হাজার টাকা জমা দিয়েছেন।
এসব গ্রাহক অভিযোগ করেন, ঈদের দুই দিন আগেও ওই সংস্থার কৃষ্ণবাবু তাঁদের কাছ থেকে মাসিক সঞ্চয়ের টাকা এনেছেন। ঈদের পর সংস্থার কর্তা ব্যক্তিরা কার্যালয়ে তালা ঝুলিয়ে পালিয়ে গেছেন।
উপজেলা সমাজসেবা কর্মকর্তা মমতাজ দৌলতানা বলেন, ‘ওই সংস্থাটি সমবায় কার্যালয়ের অধীনে।’ উপজেলা সমবায় কর্মকর্তা আলো রানী সরকার বলেন, ‘এইড ফাউন্ডেশন নামের কোনো সংস্থা আমার কার্যালয় থেকে নিবন্ধন নেয়নি।’ ইউএনও শেখ মুর্শিদুল ইসলাম বলেন বলেন, ‘কোনো গ্রাহক আমার কাছে অভিযোগ করেননি।’