গ্রাহকের কোটি কোটি টাকা আত্মসাৎ, চট্টগ্রামে ব্যাংক কর্মকর্তা আটক
গ্রাহকের কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগে চট্টগ্রামে এক ব্যাংক কর্মকর্তাকে আটক করা হয়েছে। তাঁর নাম মো. মাঈনুদ্দিন। তিনি বাংলাদেশ কমার্স ব্যাংক খাতুনগঞ্জ শাখার সেকেন্ড অফিসার। গতকাল সোমবার রাত ১০টার দিকে পুলিশি অভিযানের মুখে পড়ে নিজেই কোতোয়ালি থানায় হাজির হন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি গ্রাহকের আড়াই কোটি টাকা আত্মসাৎ করেছেন বলে পুলিশ জানিয়েছে।
কমার্স ব্যাংকের খাতুনগঞ্জ শাখা সূত্রে জানা গেছে, মো. মাঈনুদ্দিন গত দুই দিন কাউকে কিছু না জানিয়ে কর্মস্থলে অনুপস্থিত ছিলেন।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসিম উদ্দিন প্রথম আলোকে জানান, কমার্স ব্যাংক খাতুনগঞ্জ শাখা থেকে গ্রাহকের টাকা আত্মসাৎ হওয়ার খবর শুনে পুলিশ অভিযুক্ত ব্যাংক কর্মকর্তা মো. মাঈনুদ্দিনকে ধরতে অভিযান শুরু করে। একপর্যায়ে পুলিশি অভিযানের মুখে তিনি গতকাল রাত ১০টার দিকে থানায় হাজির হন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ২৭ জন গ্রাহকের হিসাব থেকে আড়াই কোটি টাকা আত্মসাতের কথা স্বীকার করেছেন। তাঁকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
রাত সাড়ে ১১টায় এই প্রতিবেদন লেখার সময় খাতুনগঞ্জ শাখার ব্যবস্থাপক কাজী আবুল কাশেম বাদী হয়ে মাঈনুদ্দিনের বিরুদ্ধে মামলা করার প্রস্তুতি নিচ্ছিলেন।
ওসি জানান, ওই ব্যাংকের গ্রাহক ইলিয়াছ ফারুকের একটি চেক গতকাল মুরাদপুর শাখায় জমা দিলে তা প্রত্যাখ্যাত হয়। বিষয়টি তিনি খাতুনগঞ্জ শাখার ব্যবস্থাপককে জানান।
খাতুনগঞ্জ শাখা সূত্রে জানা গেছে, বেশ কিছু গ্রাহক গতকাল ব্যাংকে টাকা তুলতে এসে দেখেন তাঁদের হিসাবে জমাকৃত টাকার পরিমাণ কমে গেছে। এ নিয়ে ব্যাংকের ভেতরে হইচই শুরু করেন। পরে শাখা কর্তৃপক্ষ পুরো বিষয়টি পুলিশকে জানায়।
ওসি জসিম উদ্দিন জানান, মাঈনুদ্দিন গ্রাহকের কাছ থেকে টাকা নিলেও টাকাগুলো তাঁদের ব্যাংক হিসাবে জমা দেখাননি। তিনি কিছু ব্যবসায়ীকে টাকাগুলো ব্যবসার জন্য দিয়েছেন বলে দাবি করেন। তাঁকে জিজ্ঞাসাবাদে বিস্তারিত জানা যাবে।