গ্রাহকের টাকা আত্মসাতের দায়ে ব্যাংক কর্মকর্তার ৯ বছরের কারাদণ্ড
গ্রাহকের টাকা আত্মসাতের দায়ে এক ব্যাংক কর্মকর্তাকে ৯ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। তাঁর নাম মো. ইউনুস। তিনি সোনালী ব্যাংক সাতকানিয়ার মরফলা বাজার শাখার ভারপ্রাপ্ত ব্যবস্থাপক ছিলেন। আজ মঙ্গলবার চট্টগ্রাম বিভাগীয় বিশেষ জজ আদালতের বিচারক মুনসী আবদুল মজিদ এ রায় দেন।
দুদকের আইনজীবী মাহমুদুল হক প্রথম আলোকে বলেন, আসামি ইউনুস পলাতক। আদালত নয়জন গ্রাহকের ৭৮ হাজার ৪০ টাকা আত্মসাতের দায়ে ৯ বছরের কারাদণ্ড দিয়েছেন আসামিকে। একই সঙ্গে ৯ লাখ টাকা জরিমানা অনাদায়ে আরও দুই বছরের বিনাশ্রম কারাদণ্ড দেন।
আদালত সূত্র জানায়, ১৯৯৬ থেকে ২০০১ সাল পর্যন্ত আসামি ইউনুস বহু গ্রাহকের টাকা ব্যাংকে জমা না দিয়ে আত্মসাৎ করতেন। এ গ্রাহকদের বেশির ভাগ নিরক্ষর, দরিদ্র। গ্রাহকের টাকা নিয়ে আসামি নিজের সই করা ব্যাংক রসিদ দিতেন। পাস বইয়েও জমা হওয়ার অঙ্ক লিখে সই দিতেন। কিন্তু ব্যাংকের শাখার বালামে তা তুলতেন না। এভাবে ১৯৯৬ থেকে ২০০১ সাল পর্যন্ত তিনি ১৫ লাখ ৭০ হাজার ২৯৮ টাকা আত্মসাৎ করেন। এ ঘটনায় ব্যাংকের পক্ষ থেকে ছয় বছরের জন্য ছয়টি পৃথক মামলা করা হয়। এর আগে গত ২২ ফেব্রুয়ারি একটি মামলায় ৫ বছর এবং ২৪ ফেব্রুয়ারি আরেকটি মামলায় ইউনুসকে ২ বছরের কারাদণ্ড দেন আদালত।
২০০১ সালের ৩১ মে সোনালী ব্যাংক সাতকানিয়া উপজেলা শাখার ব্যবস্থাপক আবদুস সবুর সাতকানিয়া থানায় পৃথক ছয়টি মামলা করেন। তদন্ত শেষে দুদক চট্টগ্রামের উপসহকারী পরিচালক ছাইফুল্লাহ মো. এমরান একই বছরের ৩০ নভেম্বর আদালতে অভিযোগপত্র জমা দেন। ১৭ জনের সাক্ষ্য শেষে আদালত এ রায় দেন।