গ্রাহকের টাকা আত্মসাৎ, গ্রামীণ ব্যাংকের কার্যালয় ঘেরাও

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরিশালের উজিরপুর উপজেলার গ্রামীণ ব্যাংকের এক কর্মকর্তা প্রতারণার মাধ্যমে গ্রাহকদের প্রায় ২০ লাখ টাকা আত্মসাৎ করেছেন বলে অভিযোগ উঠেছে। টাকা ফেরত পাওয়ার দাবিতে গত মঙ্গলবার ভুক্তভোগী গ্রাহকেরা উপজেলা এরিয়া অফিস চার ঘণ্টা ঘেরাও করে রাখেন।
ভুক্তভোগী গ্রাহক, স্থানীয় লোকজন ও কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা গেছে, উপজেলা গ্রামীণ ব্যাংক এরিয়া অফিসের জ্যেষ্ঠ কেন্দ্র ব্যবস্থাপক মাকসুদুর রহমান ২০১১ সাল থেকে কাজ করছেন। এ সময়ে তিনি উপজেলার মাদার্শী, শিকারপুর, ধামসর, গড়িয়া, নতুনহাটসহ বিভিন্ন কেন্দ্রের শতাধিক গ্রাহককে ঋণ দেওয়ার কথা বলে এবং ঋণের টাকা আদায় করে জমা না দিয়ে প্রায় ২০ লাখ টাকা হাতিয়ে নেন। গত ডিসেম্বর মাসে সংশ্লিষ্ট গ্রাহকেরা টাকা ফেরত না পেয়ে গ্রামীণ ব্যাংক বরিশাল জোনাল অফিসে লিখিত অভিযোগ করেন।
মাদার্শী গ্রামের রাহেলা বেগম, ধামসর গ্রামের জরিনা বেগম, গড়িয়া গ্রামের সুলতান মিয়াসহ অনেকেই অভিযোগ করেন, প্রায় নয় মাস আগে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে লিখিত অভিযোগ দেওয়ার পরও তারা কোনো ব্যবস্থা নেয়নি। পরে তাঁরা বিষয়টি উপজেলা পরিষদের চেয়ারম্যান হাফিজুর রহমান ইকবালকে লিখিতভাবে জানান।
হাফিজুর রহমান বলেন, গ্রামীণ ব্যাংকের স্থানীয় ও ঊর্ধ্বতন কর্মকর্তাদের ডেকে গ্রাহকদের ন্যায্য পাওনা বুঝিয়ে দিতে বলা হয়েছে। তাঁরা দীর্ঘদিনেও বিষয়টি সুরাহা করেননি। গত জুলাই মাসে টিটু মোল্লা নামের এক গ্রাহক মাকসুদুর রহমানের বিরুদ্ধে উজিরপুর থানায় প্রতারণার মামলা করেন।
ভুক্তভোগী গ্রাহক রুনু বেগম বলেন, তাঁর গৃহীত ঋণের অনুকূলে ৪০ হাজার টাকা জমা দেওয়া হয়। কিন্তু মাকসুদুর রহমান তা জমা না দিয়ে পুরো টাকা আত্মসাৎ করেছেন। পরে তিনি তাঁর বিরুদ্ধে মামলা করেন।
স্থানীয় লোকজন জানান, মাকসুদুরের বদলির খবর পেয়ে গত মঙ্গলবার দুপুরে তাৎক্ষণিকভাবে অর্ধশতাধিক গ্রাহক অফিস ঘেরাও করেন। দুপুর ১২টা থেকে বিকেল চারটা পর্যন্ত কর্মকর্তাদের অবরুদ্ধ করে রাখা হয়। এ সময় কর্তৃপক্ষ বিষয়টি সমাধানের আশ্বাস দিলে কর্মসূচি প্রত্যাহার করা হয়।
নাম প্রকাশ না করার শর্তে উজিরপুর এরিয়া অফিসের এক কর্মকর্তা জানান, সাধারণ গ্রাহকদের অভিযোগ সত্য। বরিশাল জোনাল অফিসের ব্যবস্থাপক বিষয়টি কোনো সমাধান না করে ওই কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করে বদলি করেন। এতে গ্রাহকেরা বিক্ষুব্ধ হয়ে ওঠেন।
জানতে চাইলে মাকসুদুর রহমান বলেন, ‘ধার বাবদ একাধিক ব্যক্তির কাছ থেকে কিছু টাকা নিয়েছি। তবে ২০ লাখ টাকা নয়।’
উজিরপুর এরিয়া ম্যানেজার আবদুর রহমান বলেন, ‘আমি কেবল যোগ দিয়েছি। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে বিষয়টি সমাধানের আশ্বাস দিলে কর্মসূচি প্রত্যাহার করে নেন গ্রাহকেরা।’ অভিযোগ প্রসঙ্গে বলেন, ‘এসেই শুনেছি, অভিযোগ যথার্থ। তবে সেগুলো অফিসিয়ালি নয়, মাকসুদুর রহমান ব্যক্তিগতভাবে কাজগুলো করেছেন।’
বরিশাল জোনাল ব্যবস্থাপক আবু জাফর বিশ্বাস বলেন, ‘অফিসিয়ালভাবে লেনদেন হয়নি, তাই গ্রাহকদের মামলা করতে বলেছি। তদন্তে অভিযোগের প্রমাণ পাওয়ায় মাকসুদুর রহমানকে চাকরিচ্যুত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।’