গ্রাহকের টাকা আত্মসাৎ, ব্যাংক কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগপত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গ্রাহকের টাকা আত্মসাতের অভিযোগে করা এক মামলায় ব্যাংক এশিয়ার এক কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগপত্র অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ মঙ্গলবার কমিশন এ অনুমোদন দেয়।

দুদকের উপপরিচালক (জনসংযোগ) প্রণব কুমার ভট্টাচার্য প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, শিগগিরই বিচারিক আদালতে অভিযোগপত্র জমা দেওয়া হবে।

অভিযোগপত্রভুক্ত আসামিরা হলেন ব্যাংক এশিয়ার প্রধান শাখার কর্মকর্তা মোশারফ হোসেন ও লক্ষ্মীপুরের মেসার্স জেড এইচ চৌধুরী ট্রেডার্সের মালিক জাকির হোসেন চৌধুরী।

সূত্র জানায়, আসামিরা পরস্পর যোগসাজশে ব্যাংক এশিয়ার মতিঝিলের প্রধান শাখায় ঢাকার ‘মতিঝিল মডেল হাইস্কুল অ্যান্ড কলেজের’ হিসাব থেকে কোনো অনুমতি ছাড়াই জেড এইচ চৌধুরী ট্রেডার্সের ব্যাংক হিসাবে ইলেকট্রনিক ভাউচারের মাধ্যমে পাঁচ লাখ টাকা স্থানান্তর করেন। পরে ওই হিসাবের স্বত্বাধিকারী ও আসামি জাকির হোসেন চৌধুরীর স্বাক্ষরিত দুটি ক্যাশ চেকের মাধ্যমে ওই টাকা তুলে আত্মসাৎ করেন।

আত্মসাতের বিষয়টি প্রায় ২ বছর পর গত বছরের মার্চে প্রকাশ হওয়ার এক দিন পর মেসার্স জেড এইচ চৌধুরী ট্রেডার্সের হিসাবে পাঁচ লাখ টাকা জমা হলে ব্যাংক কর্তৃপক্ষ ওই হিসাব থেকে মতিঝিল মডেল হাইস্কুল অ্যান্ড কলেজের হিসাবে স্থানান্তর করে। একই সময়ে ব্যাংকের টাকা আত্মসাতের অপরাধে ব্যাংক এশিয়া কর্তৃপক্ষ গত বছরের ১৬ মার্চ ওই ব্যাংক কর্মকর্তা ও সংশ্লিষ্ট স্বত্বাধিকারীকে আসামি করে মামলা করে।

মামলা তদন্তের ভার আসে দুদকের ওপর। উপসহকারী পরিচালক নেয়ামুল আহসান গাজী তদন্তে আসামিদের বিরুদ্ধে ব্যাংকের পাঁচ লাখ টাকা আত্মসাতের প্রমাণ পান। তাঁর আবেদনের পরিপ্রেক্ষিতে কমিশন অভিযোগপত্র দাখিলের অনুমোদন দেয়।