গ্রাহকের টাকা নিয়ে উধাও!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খাগড়াছড়িতে সেন্টার ফর কমিউনিটি ডেভেলপমেন্ট রিসার্চ (সিসিডিআর) নামের একটি বেসরকারি উন্নয়ন সংস্থার কর্ণধার জাহেদুল আলমের বিরুদ্ধে ২ হাজার গ্রাহকের সাড়ে ৪ কোটি টাকা নিয়ে পালিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। গতকাল বুধবার সকালে খাগড়াছড়ি প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন ভুক্তভোগী গ্রাহকেরা। তাঁরা জাহেদুল আলমের প্রতারণার বিচার চান।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ভুক্তভোগী গ্রাহক সচল দাশ। সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়, ২০০৬ সালে খাগড়াছড়ি সদর উপজেলায় ক্ষুদ্র সঞ্চয়ের মাধ্যমে এলাকার হতদরিদ্র ও গরিব সদস্যদের নিয়ে সিসিডিআর যাত্রা শুরু করে। পাঁচ বছর মেয়াদি ক্ষুদ্র সঞ্চয়ের মাধ্যমে দৈনিক ১০ টাকা থেকে ১০০ টাকা হারে প্রায় ১ হাজার গ্রাহক এ প্রতিষ্ঠানে সঞ্চয় জমা দেন। পরে জেলার অন্যান্য উপজেলাসহ সিসিডিআরের ১১টি কার্যালয়ের মাধ্যমে প্রায় ২ হাজার গ্রাহক সাড়ে ৪ কোটি টাকা জমা দেন।

সংবাদ সম্মেলনে বলা হয়, প্রতিষ্ঠানটি আট-নয় বছর কার্যক্রম চালানোর পর দুই বছর আগে খাগড়াছড়ির ১১টি কার্যালয় বন্ধ করে দেয়। কিন্তু গ্রাহকদের জমানো টাকা ফেরত দেয়নি। গ্রাহকেরা নিরূপায় হয়ে প্রতিষ্ঠানটির রাঙামাটির প্রধান কার্যালয়ে বারবার ধরণা দিয়েছেন। কিন্তু টাকা না দিয়ে জাহেদুল আলম পালিয়ে গেছেন। এ ব্যাপারে তাঁরা এখনো মামলা করেননি।

সংবাদ সম্মেলন শেষে ক্ষতিগ্রস্ত গ্রাহকেরা জাহেদুল আলমের বিচারের দাবিতে খাগড়াছড়ি প্রেসক্লাবের সামনে মানববন্ধন করেন। পরে তাঁরা একই দাবিতে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি দেন।