গ্রাহকের মারধরে মাথা ফাটল নিরাপত্তারক্ষীর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় বিদ্যুৎ-সংযোগ নেওয়ার দরখাস্ত জমা দিতে এসে এক গ্রাহক নিরাপত্তারক্ষীকে লোহার রড দিয়ে আঘাত করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। উপজেলার ধানগড়ায় সিরাজগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির ভূইয়াগাঁতী আঞ্চলিক কার্যালয়ের সামনে গতকাল মঙ্গলবার এ ঘটনা ঘটে।
দুজন প্রত্যক্ষদর্শী ও এলাকার বাসিন্দারা বলেন, রায়গঞ্জ পৌরসভার দাসেরপাড়া এলাকার লুৎফর রহমান চার-পাঁচজনকে সঙ্গে নিয়ে পল্লী বিদ্যুতের সংযোগ নেওয়ার জন্য দরখাস্ত জমা দিতে আসেন। জমা দেওয়ার লাইনে দাঁড়ানো নিয়ে অন্য গ্রাহকের সঙ্গে লুৎফরের ঝগড়া হয়। এ সময় কার্যালয়ের নিরাপত্তারক্ষী জিল্লুর রহমান এসে লুৎফরকে শান্ত হতে বলেন। এতে তাঁদের দুজনেরও কথা-কাটাকাটি হয়। এর কিছুক্ষণ পর জিল্লুর কার্যালয়ের বাইরে গেলে লুৎফরসহ কয়েকজন লোহার রড দিয়ে তাঁকে মারধর করেন। আঘাতে জিল্লুরের মাথা ফেটে যায়। এ সময় স্থানীয় ব্যক্তিদের সহযোগিতায় কার্যালয়ের অন্যরা তিনজনকে ধরে ফেলেন। কিন্তু লুৎফর পালিয়ে যান। পরে তাঁদের রায়গঞ্জ থানার পুলিশের কাছে সোপর্দ করা হয়। তাঁরা হলেন দাসেরপাড়া এলাকার সুলতান মাহমুদ, ওলিউল্লাহ ও রিপন।
কার্যালয়ের উপমহাব্যবস্থাপক (ডিজিএম) মো. নিয়াজ উদ্দিন বলেন, গুরুতর আহত নিরাপত্তারক্ষীকে প্রথমে রায়গঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল সন্ধ্যায় তাঁর জ্ঞান ফিরেছে। এ বিষয়ে রায়গঞ্জ থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদুল ইসলাম বিশ্বাস বলেন, এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।