গ্রাহকের ২০ কোটি টাকা নিয়ে কর্মকর্তারা উধাও

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একটি আর্থিক প্রতিষ্ঠানের কর্মকর্তারা অধিক মুনাফা দেওয়ার প্রলোভন দেখিয়ে গ্রাহকের প্রায় ২০ কোটি টাকা নিয়ে উধাও হয়ে গেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। গ্রাহকেরা টাকা ফেরত পেতে প্রতিদিন ওই প্রতিষ্ঠানের কার্যালয়ের সামনে ভিড় করছেন। কিন্তু প্রতিষ্ঠান তালাবদ্ধ থাকায় তাঁদের খালি হাতে ফিরতে হচ্ছে। এ ঘটনা পটুয়াখালীর বাউফল উপজেলার।
ভুক্তভোগী কয়েকজন গ্রাহকের সঙ্গে কথা বলে জানা গেছে, ২০০৯ সালের শুরুর দিকে পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের হাসপাতাল সড়কের সৌদিয়া বিপণিবিতানের তিনতলা ভাড়া নিয়ে কার্যক্রম শুরু করে আরডিপি ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট এমসিএস লিমিটেড নামের ওই প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটি অন্যান্য বিমা বা ব্যাংকের চেয়ে অধিক মুনাফার প্রলোভন দেখিয়ে সাধারণ মানুষের কাছ থেকে টাকা সংগ্রহ শুরু করে। তারা এককালীন, দৈনিক ও মাসিক জামানত, হজ প্রকল্পসহ বিভিন্ন প্রকল্পের নামে উপজেলার ১৫টি ইউনিয়ন ও একটি পৌরসভার বিভিন্ন এলাকার চার হাজারের বেশি গ্রাহকের কাছ থেকে প্রায় ২০ কোটি টাকা তোলে। গত ছয় বছরে তারা গ্রাহকদের কাছ থেকে ওই টাকা নেয়। তারা গ্রাহকদের মেয়াদভিত্তিক মুনাফা দিত। গত অক্টোবর মাসের মাঝামাঝি প্রতিষ্ঠানটি গ্রাহকদের মুনাফা দেওয়া বন্ধ করে দেয়। এর পরিপ্রেক্ষিতে গ্রাহকেরা তাঁদের জমা করা অর্থ ফেরত পাওয়ার জন্য মাঠকর্মীদের চাপ দেন। এক সপ্তাহ আগে কর্মকর্তারা কার্যালয়ে তালা ঝুলিয়ে উধাও হয়ে যান।
নাম প্রকাশে অনিচ্ছুক ওই প্রতিষ্ঠানটির এক মাঠ কর্মকর্তা জানান, সারা দেশে এ প্রতিষ্ঠানটির আরও ৭৪টি শাখা রয়েছে। তাঁর মাধ্যমে গ্রাহকেরা প্রায় এক কোটি টাকা স্থায়ী জামানত রেখেছেন। ওই টাকা ফেরত পেতে গ্রাহকেরা তাঁকে চাপ দিচ্ছেন। তিনি বিপদে আছেন। তিনি আরও জানান, আবদুর রাজ্জাক সিকদার নামের এক ব্যক্তি প্রতিষ্ঠানটির চেয়ারম্যান। তাঁর বাড়ি উপজেলার কেশবপুর ইউনিয়নের বাজেমহল গ্রামে।
আবদুর রাজ্জাকের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও কথা বলা সম্ভব হয়নি।
নিমদী গ্রামের মোস্তফা ব্যাপারী জানান, এক লাখে প্রতি মাসে ২ হাজার ৬০০ টাকা দেওয়া হতো। তাই তাঁরা চার ভাই ১৭ লাখ টাকা স্থায়ী আমানত হিসেবে ওই প্রতিষ্ঠানে জমা রেখেছেন। এক বছরের বেশি সময় ওই টাকার মুনাফাও পেয়েছেন। হঠাৎ মুনাফা দেওয়া বন্ধ করা হয়। একত্রে দেওয়ার কথা বলে কর্মকর্তারা ঘোরাতে থাকেন। পরে শুনতে পান কর্মকর্তারা কার্যালয়ে তালা ঝুলিয়ে লাপাত্তা হয়ে গেছেন।
বাউফল পৌরসভার একটি কম্পিউটার প্রশিক্ষণকেন্দ্রের মালিক মোহাম্মাদ আলী জানান, তিনি তিন লাখ টাকা স্থায়ী আমানত রেখে প্রথম কয়েক মাস মুনাফা পেয়েছিলেন। গত অক্টোবর মাস থেকে মুনাফা দেওয়া বন্ধ করে দেয় প্রতিষ্ঠানটি। এ রকম উপজেলার বিভিন্ন এলাকার চার হাজারের বেশি গ্রাহকের কাছ থেকে প্রায় ২০ কোটি টাকা তোলেন প্রতিষ্ঠানটির কর্মকর্তারা উধাও হয়ে গেছেন।
এ ব্যাপারে প্রতিষ্ঠানটির ব্যবস্থাপক মো. শাহ আলমসহ কয়েকজন কর্মকর্তার মুঠোফোনে ফোন করা হলে তাঁরা ধরেননি।
উপজেলা সমবায় কার্যালয়ের সহকারী পরিদর্শক নাজমুল হাসান জানান, তাঁদের কার্যালয় থেকে এ প্রতিষ্ঠানকে কোনো নিবন্ধন দেওয়া হয়নি।
উপজেলা সমাজসেবা কর্মকর্তা এস এম শাহজাদা জানান, আরডিপি ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট এমসিএস লিমিটেড নামের প্রতিষ্ঠানকে উপজেলা সমাজসেবা কার্যালয় থেকে নিবন্ধন দেওয়া হয়নি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ বি এম সাদিকুর রহমান জানান, এ ব্যাপারে কেউ লিখিত অভিযোগ করলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।