গ্রাহকের ৩০ লাখ টাকা নিয়ে সমিতি লাপাত্তা
বরগুনার আমতলী উপজেলার গাজীপুর বন্দরে একটি বেসরকারি সংস্থা সহজ শর্তে ঋণ দেওয়ার প্রলোভন দেখিয়ে গ্রাহকের প্রায় ৩০ লাখ টাকা হাতিয়ে নিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
পল্লি প্রগতি সহায়ক সমিতি নামের এ সংস্থার কয়েকজন সদস্যের সঙ্গে কথা বলে জানা গেছে, ২৩ মে গাজীপুর বন্দরে আঠারোগাছিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান রফিকুল ইসলামের ঘর ভাড়া নিয়ে ওই সমিতির কার্যক্রম শুরু করা হয়। সমিতির পাঁচজন কর্মকর্তা এলাকার কিছু লোকজনের সহায়তায় সোনাখালী, পূর্ব সোনাখালী, গাজীপুর, গোডাঙ্গাসহ আশপাশের গ্রামগুলোতে সহজ শর্তে ৫০ থেকে এক লাখ টাকার ঋণ দেওয়ার দেওয়ার প্রলোভন দেন। এ জন্য তাঁরা পাঁচ থেকে ১০ জন লোক নিয়ে একেকটি দল গঠন করেন। এসব গ্রামের দরিদ্র চাষি ও নারীরা এই প্রলোভনে পড়ে ২০০ টাকা দিয়ে সমিতির সদস্য হন। এভাবে তিন-চার দিনে প্রায় সাড়ে ছয় শ সদস্য সংগ্রহ করা হয়। একই সঙ্গে ৩২৮ জনের কাছ থেকে ৫০ হাজার টাকা ঋণ দিতে পাঁচ হাজার এবং এক লাখ টাকার ঋণ দিতে ১০ হাজার টাকা এককালীন সঞ্চয় আদায় করা হয়।
ভুক্তভোগী কয়েকজন সদস্য বলেন, সহজ শর্তে দুই বছরে ২৩ কিস্তিতে ঋণ পরিশোধ করা যাবে—এমন প্রলোভন দেওয়ায় এলাকার ৩২৮ জন সঞ্চয়ের অর্থ জমা দেন। ২৭ মে ঋণ বিতরণ করার কথা ছিল। কিন্তু ওই দিন সকালে সদস্যরা সংস্থাটির কার্যালয়ে গিয়ে দেখেন দরজায় তালা ঝুলছে। এরপর সংস্থাটির কাউকে পাওয়া যায়নি।
আমেনা বেগম নামের এক সদস্য বলেন, ৫০ হাজার টাকা ঋণ নেওয়ার জন্য তিনি সদস্য ফি বাবদ ২০০ টাকা এবং সঞ্চয় বাবদ এককালীন পাঁচ হাজার টাকা জমা দেন। একইভাবে মাকছুদা বেগম, চাঁনবরু বেগম ও খাদিজা আকতারসহ অনেকে পাঁচ হাজার টাকা করে এককালীন সঞ্চয় জমা দেন। হাসান মৃধা, সাহাবুদ্দিন পেয়াদা, রাসেল হাওলাদার নামের আরও তিনজন সদস্য বলেন, তাঁরা এক লাখ টাকা করে ঋণ নেওয়ার জন্য ১০ হাজার টাকার সঞ্চয় জমা দেন। ২৭ মে সংস্থাটির কার্যালয় তালাবদ্ধ দেখে তাঁরা গাজীপুর পুলিশ ফাঁড়িতে লিখিত অভিযোগ দেন।
হাসান মৃধা বলেন, গাজীপুর বন্দরের আউয়াল হাওলাদার ও হারুন অর রশিদ নামের দুই ব্যক্তির সহযোগিতায় প্রতারক চক্রটি সাবেক ইউপি চেয়ারম্যানের ঘর ভাড়া নেয়। ওই দুই ব্যক্তি এলাকার লোকজনকে সংস্থাটির সদস্য হওয়া এবং ঋণ পাওয়ার জন্য সঞ্চয় জমা দেওয়ার জন্য উৎসাহিত করেন। আউয়াল হাওলাদার বলেন, ‘আমি সাবেক ইউপি চেয়ারম্যানের ঘরটি দেখাশোনা করি (তত্ত্বাবধায়ক)। সেই সুবাদে ব্যবসায়ী হারুন অর রশিদ আমাকে ওই সংস্থার কাছে ঘর ভাড়া দেওয়ার প্রস্তাব দিলে আমি ঘর ভাড়া দিয়েছি। ওই প্রতারক চক্রের সঙ্গে আমার কোনো সম্পৃক্ততা নেই।’ হারুন অর রশিদ বলেন, ‘কয়েক দিন আগে দুজন লোক এসে এখানে তাদের সংস্থার একটি কার্যালয় করার জন্য ঘর ভাড়া নিতে চায়। আমি আউয়ালকে বলে দিই। ভাড়া দেওয়ার আগে সংস্থাটি সম্পর্কে খোঁজখবর নিয়ে তারপর ভাড়া দেওয়ার জন্য বলেছিলাম। এরপর কী হয়েছে তা জানি না।’
এদিকে সংস্থার কর্মকর্তারা বিভিন্নজনের কাছে নিজেদের বিভিন্ন নাম-পরিচয় দিতেন এবং যোগাযোগের জন্য কয়েকটি মুঠোফোন নম্বর ব্যবহার করতেন বলে ভুক্তভোগীরা জানিয়েছেন। রাসেদুল ইসলাম, মো. রাসেল, শামীম হোসেন, ছগির হোসেন ও ওবায়েদুল ইসলাম পরিচয় দেওয়া ওই ব্যক্তিরা তাঁদের বাড়ি নড়াইল ও সিরাজগঞ্জ জেলায় বলে জানান। কথা বলার জন্য চেষ্টা করেও তাঁদের ব্যবহৃত মুঠোফোন নম্বর বন্ধ পাওয়া যায়।
গাজীপুর পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মাহামুদ-উল-হাসান বলেন, ‘অভিযোগ পেয়ে তাৎক্ষণিকভাবে অফিসে তালা ঝুলিয়ে দিয়েছি।’
আমতলী থানার ওসি সুকুমার চন্দ্র রায় বলেন, ‘প্রতারকদের গ্রেপ্তারের নির্দেশ দিয়েছি।’ আমতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমান বলেন, প্রতারকদের ধরার চেষ্টা চলছে।