গ্রাহকের ৩৪ লাখ টাকা আত্মসাতের অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক (রাকাব) ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার ভোমরাদহ শাখায় ৯৫ জন গ্রাহক দেড় বছর ধরনা দিয়েও তাঁদের জমানো টাকা তুলতে পারছেন না। এসব টাকা ব্যাংকের ওই শাখার এক কর্মকর্তা ও নিরাপত্তারক্ষী আত্মসাৎ করেছেন বলে অভিযোগ উঠেছে।
ব্যাংক কর্মকর্তা সূত্রে জানা গেছে, ২০১১ সালের ১৩ জানুয়ারি থেকে ২০১৩ সালের ২ মে পর্যন্ত ৯৫ জন গ্রাহকের জমা রাখা ৩৪ লাখ ছয় হাজার ৯৩৭ টাকার জালিয়াতি ধরা পড়েছে। ভোমরাদহ শাখার দ্বিতীয় কর্মকর্তা মো. আরাফাত জামান ৪৫ জন গ্রাহকের ২৪ লাখ ২৭ হাজার ৬৬২ টাকা ও নিরাপত্তারক্ষী মো. শাহজাহান আলী ৫০ জন গ্রাহকের নয় লাখ ৭৯ হাজার ২৭৫ টাকা জমা স্লিপের মাধ্যমে গ্রহণ করে গ্রাহকের হিসাব নম্বরের (অ্যাকাউন্ট) বদলে নিজস্ব হিসাব নম্বরে নিয়ে আত্মসাৎ করেছেন। এ কারণে ২০১৩ সালের জানুয়ারি মাসে একাধিক গ্রাহক টাকা তুলতে ব্যাংকে এসে দেখেন, তাঁদের হিসাব নম্বরে টাকা নেই। এসব গ্রাহক বিষয়টি ব্যাংক কর্তৃপক্ষকে জানান। পরে ব্যাংকের ঠাকুরগাঁও আঞ্চলিক নিরীক্ষা কর্মকর্তা আবদুল হামিদ মিয়া কাগজপত্র যাচাই করে আমানত ও ঋণের হিসাবের ব্যাপক গরমিল পান।
এ ঘটনায় ২০১৩ সালের ১ নভেম্বর মো. আরাফাত জামান ও মো. শাহজাহান আলীর বিরুদ্ধে থানায় একটি দুর্নীতির মামলা করেন তৎকালীন শাখা ব্যবস্থাপক মো. শাহজামাল।
উপজেলার খামারসেনুয়া গ্রামের শামসুল হক বলেন, ‘গত বছরের ২৪ এপ্রিল জমি বিক্রির এক লাখ ২২ হাজার টাকা নিরাপত্তার জন্য ভোমরাদহ শাখায় জমা রাখি। ওই টাকা তোলার জন্য দেড় বছর থেকে ভোমরাদহ ও ঠাকুরগাঁও রাকাবে ধরনা দিচ্ছি। এখনো ওই টাকা তুলতে পারিনি। টাকা জমা রেখে কি পাপ করেছি আমি?’
একই ধরনের অভিযোগ করেন গ্রাহক কল্পনা রানী, মো. সোহেল রানা, মো. বাহাদুর, আইনুল হক, রাসেল রানা, মো. বিপুল, লিয়াকত আলীসহ আট-নয়জন গ্রাহক।
পরে রাকাব রাজশাহীর প্রধান কার্যালয়ের মানবসম্পদ বিভাগ থেকেও আরাফাত জামান ও শাহজাহান আলীর বিরুদ্ধে বিভাগীয় মামলা হয়। এ কারণে ২০১৩ সালের নভেম্বরে তাঁদের সাময়িক বরখাস্ত করা হয়। এরপর আরাফাত জামানকে গাইবান্ধা আঞ্চলিক কার্যালয়ে ও শাহজাহান আলীকে পীরগঞ্জ শাখায় বদলি করা হয়। এ ছাড়া মানবসম্পদ বিভাগ তদন্ত শেষে চলতি বছরের ৯ ফেব্রুয়ারি তাঁদের বিরুদ্ধে অভিযোগপত্র জমা দেয় বিভাগীয় কার্যালয়ে।
এ ছাড়া রাকাব প্রধান কার্যালয়ের সহকারী মহাব্যবস্থাপক গোবিন্দ চন্দ্র সাহার নেতৃত্বে তিন সদস্যের একটি তদন্ত কমিটি আগস্ট ও সেপ্টেম্বরে এ ব্যাপারে তদন্ত প্রতিবেদন বিভাগীয় কার্যালয়ে জমা দেয়।
ব্যাংকটির ঠাকুরগাঁও আঞ্চলিক কার্যালয়ের উপমহাব্যবস্থাপক (ডিজিএম) এস এম হেলাল সম্প্রতি মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘রাকাবের মানবসম্পদ বিভাগ থেকে সেপ্টেম্বর মাসে চূড়ান্ত তদন্ত হয়েছে। আমাদের প্রতিবেদনও গেছে। রাকাব প্রধান কার্যালয় থেকে নির্দেশনা পেলেই পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।’