গ্রাহকের ৫০ লাখ টাকা আত্মসাৎ

বরগুনার আমতলী উপজেলায় জয়েন্ট ইসলামী ফাইন্যান্স অ্যান্ড কমার্স লিমিটেড নামে একটি প্রতিষ্ঠান দেড় হাজার গরিব গ্রাহকের কাছ থেকে ৫০ লাখ টাকা তুলে উধাও হয়ে গেছে। এসব গ্রাহক তাঁদের লগ্নি করা অর্থ ফেরত পেতে গত বৃহস্পতিবার উপজেলা বিচারিক হাকিম আদালত প্রাঙ্গণে মানববন্ধন করেন। এ সময় তাঁরা প্রতিষ্ঠানটির কর্মকর্তাদের বিচার দাবি করেন।
ভুক্তভোগী কয়েকজন জানান, ২০১০ সালে আমতলী বাঁধঘাটে শহীদুল ইসলাম তালুকদারের ভাড়া ভবনে জয়েন্ট ইসলামী ফাইন্যান্স অ্যান্ড কমার্স লিমিটেড নামে ওই প্রতিষ্ঠানের কার্যালয় খুলে কার্যক্রম শুরু করা হয়। তাঁরা গ্রাহক তৈরির লক্ষ্যে একজন ব্যবস্থাপক ও ১৫ জন মাঠকর্মী নিয়োগ দেন। ব্যবস্থাপক ও মাঠকর্মীরা সাধারণ মানুষকে অতিরিক্ত মুনাফার প্রলোভন দেখিয়ে আমতলী সদর, চাওড়া, গুলিশাখালী ও কুকুয়া ইউনিয়নের এক হাজার ৪৪২ জন গ্রাহকের কাছ থেকে এককালীন ও বিভিন্ন মেয়াদে ৫০ লাখ টাকা তোলেন। এরপর গ্রাহকদের মেয়াদভিত্তিক কিছু মুনাফা দেন। কিন্তু গত জুন মাসের মাঝামাঝি প্রতিষ্ঠানটির ব্যবস্থাপক আলমগীর হাওলাদার ও অন্য কর্মকর্তারা কার্যালয়ে তালা ঝুলিয়ে লাপাত্তা হয়ে যান।
এ পরিপ্রেক্ষিতে গ্রাহকেরা তাঁদের জমা করা অর্থ ফেরত পাওয়ার জন্য মাঠকর্মীদের চাপ দেন। মাঠকর্মী আরিফা সুলতানা গত মঙ্গলবার প্রতিষ্ঠানটির ব্যবস্থাপক আলমগীর হাওলাদারকে কৌশলে আমতলীতে আনার জন্য ফোন করে জানান, তিনি কয়েকজন গ্রাহকের কাছ থেকে তিন লাখ টাকা তুলেছেন। এই টাকা জমা দেওয়ার কথা বলে তাঁকে আমতলীতে আসতে বলেন। বুধবার সকালে ব্যবস্থাপক আলমগীর হাওলাদার, হিসাবরক্ষক জসিম উদ্দিন ও অফিস সহকারী শাহ আলম ওই অর্থ নেওয়ার জন্য আমতলী কার্যালয়ে আসেন। এ সময় মাঠকর্মী আরিফা সুলতানা গ্রাহকদের টাকা ফেরত দেওয়ার জন্য ব্যবস্থাপককে চাপ প্রয়োগ করেন। একপর্যায়ে ব্যবস্থাপক গ্রাহকদের কাছ থেকে টাকা নেওয়ার কথা অস্বীকার করেন। এ সময় ব্যবস্থাপকের সঙ্গে আসা হিসাবরক্ষক জসিম ও অফিস সহকারী শাহ আলম মাঠকর্মী আরিফা সুলতানাকে মারধর শুরু করেন। এতে আরিফা চিৎকার শুরু করলে লোকজন ছুটে এসে তাঁকে উদ্ধার করেন এবং ব্যবস্থাপক ও অন্য দুই কর্মকর্তা-কর্মচারীকে আটক করে আমতলী থানায় খবর দেন।
পরে আমতলী থানার পুলিশ ওই কার্যালয়ে গিয়ে প্রতিষ্ঠানটির ব্যবস্থাপক আলমগীর, হিসাবরক্ষক জসিম ও অফিস সহকারী শাহ আলমকে গ্রেপ্তার করে। এ ঘটনায় বুধবার রাতে আরিফা সুলতানা বাদী হয়ে প্রতিষ্ঠানটির চেয়ারম্যান সুলতান আহম্মদ, ব্যবস্থাপনা পরিচালক (এমডি) নাসির উদ্দিন ও গ্রেপ্তার হওয়া তিন কর্মকর্তা-কর্মচারীসহ নয়জনকে আসামি করে আমতলী থানায় মারধর, অর্থ আত্মসাতের অভিযোগ এনে একটি মামলা করেন। গ্রেপ্তারকৃত তিনজনকে বৃহস্পতিবার আমতলী উপজেলা বিচারিক হাকিম আদালতে হাজির করা হয়। আদালত তাঁদের জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।
আমতলী সদরের গ্রাহক হালিমা বেগম জানান, তিন বছরে দ্বিগুণ মুনাফা দেওয়ার কথা বলে প্রতিষ্ঠানটির ব্যবস্থাপক আলমগীর হাওলাদার তাঁর কাছ থেকে এককালীন ৫০ হাজার টাকার নিয়েছেন। গরু-ছাগল বিক্রি ও ধারদেনা করে এই অর্থ তিনি জমা দেন।
মাঠকর্মী আরিফা সুলতানা বলেন, ‘আমি ৩৫০ জন গ্রাহকের কাছ থেকে ৩৭ লাখ টাকা তুলে প্রতিষ্ঠানটির ব্যবস্থাপকের কাছে জমা দিয়েছি। একইভাবে আমতলী সদর, চাওড়া, গুলিশাখালী ও কুকুয়া ইউনিয়নের বিভিন্ন এলাকার এক হাজার ৪৪২ জন গ্রাহকের কাছ থেকে টাকা তুলে নিয়ে আত্মসাৎ করেছেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান সুলতান আহম্মেদ ও এমডি নাসির উদ্দিন। গত জুন মাসের মাঝামাঝি হঠাৎ কিছু না বলেই ব্যবস্থাপক ও অন্য দুই কর্মকর্তা কার্যালয়ে তালা ঝুলিয়ে উধাও হন। এরপর গ্রাহকেরা আমাকে ও অন্য মাঠকর্মীদের লগ্নিকরা অর্থ ফেরত পেতে নানাভাবে চাপ প্রয়োগ করছিলেন। জুন থেকে আমরা বেতন-ভাতাও পাইনি।’
প্রতিষ্ঠানটির ব্যবস্থাপক গ্রেপ্তার হওয়া আলমগীর হাওলাদার জানান, তাঁরা গ্রাহকদের লগ্নি করা অর্থ চেয়ারম্যান সুলতান আহম্মদ ও এমডি নাসির উদ্দিনের নামে কৃষি ব্যাংক আমতলী শাখার যৌথ হিসাবে জমা করেন। চেয়ারম্যান ও এমডি গ্রাহকদের লগ্নিকৃত সব অর্থ ইটভাটা করার কথা বলে তুলে নিয়ে গেছেন। তিনি জানান, প্রতিষ্ঠানটির চেয়ারম্যানের বাড়ি বরিশালের বাকেরগঞ্জ উপজেলায় এবং এমডির বাড়ি পটুয়াখালীর দুমকি উপজেলায়। প্রতিষ্ঠানটির প্রধান কার্যালয় ঢাকার ১/এ ফকিরাপুল এলাকায়।
এ ব্যাপারে কথা বলার জন্য যোগাযোগের চেষ্টা করলে এমডি নাসির উদ্দিনের মুঠোফোন বন্ধ পাওয়া যায়।
মামলার তদন্ত কর্মকর্তা আমতলী থানার উপপরিদর্শক (এসআই) সিদ্দিকুর রহমান বলেন, ‘মামলা হওয়ার পর ঘটনাটি আমরা গুরুত্বের সঙ্গে।