গ্রিনরোডে পুরোনো বিধিতে চলছে নতুন ভবন নির্মাণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গ্রিনরোডে নির্মাণাধীন সেই ১০ তলা ভবন l ছবি: প্রথম আলো
গ্রিনরোডে নির্মাণাধীন সেই ১০ তলা ভবন l ছবি: প্রথম আলো

হালনাগাদ ইমারত নির্মাণ আইন না মেনে রাজধানীর ব্যস্ততম এলাকা গ্রিনরাডে একটি ১০ তলা বাণিজ্যিক ভবন তৈরি হচ্ছে বাতিল ইমারত বিধিমালায়। ২০০২ সালের একটি নকশা (প্ল্যান) দেখিয়ে কোনো রকম সংশোধিত নকশা (রিভাইজড প্ল্যান) ছাড়াই নির্মাণ করা হচ্ছে বিশাল এই ভবন।

বিধি অনুযায়ী বর্তমানে ভবন নির্মাণে ৫০ শতাংশ জায়গা খালি রাখতে হয়। ভবনটিতে খোলা জায়গা রাখা হয়েছে ১৫ থেকে ২০ ফুট।  

গত বুধবার দুপুরে এলাকায় গিয়ে দেখা যায়, গ্রিন রোডের ৩, ৩-এ ও ৩-বি নম্বর প্লটের প্রায় ৭০ কাঠা জায়গায় বাণিজ্যিক এই ভবন নির্মাণ হচ্ছে। নির্মাণ করছেন ব্যবসায়ী হাজী মো. কাউস মিয়া। তবে নকশার অনুমোদন নেওয়া হয়েছে তাঁর ছেলে জাহাঙ্গীর মিয়া, মানিক মিয়া ও শাজাহান মিয়ার নামে। ওই সময়ে এলাকায় সাত তলার ওপর বাড়ির নকশা অনুমোদিত হতো না।

গ্রিনরোড ও সেন্ট্রাল রোড এলাকার বাসিন্দারা আশঙ্কা করছেন বিশাল বাণিজ্যিক ভবনটি বানানো হলে এলাকায় যানজট মারাত্মকভাবে বেড়ে যাবে।

রাজউক থেকে বাণিজ্যিক ভবনটি নির্মাণের জন্য ১৯৯৬ সালের নির্মাণ বিধি অনুযায়ী ২০০২ সালে যখন নকশার অনুমোদন নেওয়া হয়, তখন এলাকাটি ছিল আবাসিক। প্রধান সড়ক ছিল বাণিজ্যিক। বিধিতে উল্লেখ আছে, তিন বছরের মধ্যে ভবনটির নির্মাণকাজ শুরু না হলে নকশার অনুমোদন বাতিল হয়ে যাবে। নির্ধারিত সময়ে ভবন নির্মাণ হয়নি। ২০০৫ সালে জায়গাটির পেছনের অংশে তিনটি ছয় তলা ভবন নির্মাণ করা হয়।

এলাকায় গিয়ে দেখা যায়, প্রধান সড়ক থেকে সামান্য দূরে দশ তলা ভবনটি নির্মিত হচ্ছে। এর মধ্যে সাত তলার নির্মাণকাজ শেষ হয়েছে। কোনো প্রকৌশলীকে ভবনে পাওয়া যায়নি। শ্রমিকেরা জানান, মালিক কাউস মিয়া মাঝে মাঝে এসে নির্মাণকাজ দেখেন। মালিকপক্ষের কেউকে ওই সময়ে পাওয়া যায়নি।

পরে যোগাযোগ কর হলে জায়গার মালিক হাজী মো. কাউস মিয়া বলেন, কোনো নির্মাতা প্রতিষ্ঠান (ডেভেলপার) নয়, নিজেদের উদ্যোগেই ভবনটি নির্মাণ হচ্ছে। সঠিক নকশা ছাড়া এই ভবন তৈরি হচ্ছে - এমন অভিযোগের ব্যাপারে জানতে চাওয়া হলে তিনি বলেন, ‘প্ল্যান ছাড়া এত বড় একটা বিল্ডিং বানাইতেছি, এটা কি সম্ভব?’ নকশা অনুমোদনের পর নির্ধারিত সময়ে ভবন নির্মাণ হয়েছিল কিনা এ প্রশ্নে তিনি বলেন, ‘২০০৪ সালে পেছনে তিনটি ভবন বানাইছি, এখন সামনে বানাইতেছি। প্ল্যান আছে বলেই বানাইতে পারছি।’

কাউস মিয়া বলেন, তার বাণিজ্যিক ভবনে বিদেশিদের সঙ্গে যৌথভাবে ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তোলা হবে।

ভবনের নকশা সংশোধন করা হয়েছে কিনা জানতে চাইলে কাউস মিয়া বলেন, ‘সংশোধিত প্ল্যানের দরকার কি? প্ল্যান ত আছে। রাজউক বলছে, একটি ঘর বানাইলেই নিয়ম রক্ষা হয়। তাই আগেই এই জায়গায় একটা ঘর বানাইয়া রাখছিলাম।’ তাঁর দাবি, ভবনটির জন্য এলাকায় যানজট বাড়বে না। ভেতরে গাড়ি রাখার জায়গা আছে।

জানতে চাইলে ওই এলাকায় রাজউকের অথরাইজড কর্মকর্তা শফিউল হান্নান বলেন, ভবনটির নকশা অনুমোদনের অনেক পর তিনি রাজউকের যোগাদান করেন। বর্তমানে ভবনটি পুরনো নির্মাণ বিধিতেই তৈরি হচ্ছে। তিনি বলেন, যেহেতু একবার ভবনটির নকশার অনুমোদন হয়েছে, তাই নির্মাণাধীন ভবনটিকে অবৈধও বলা যায় না। সংশোধিত নকশা করা হয়নি কেন—এ প্রশ্নে অথরাইজড কর্মকর্তা বলেন, নির্মাণের আগে মালিক কিছু নির্মাণকাজ করে রেখেছিলেন বলে তিনি শুনেছেন। এলাকার পুরানো বাসিন্দাদের সঙ্গে আলোচনা করে বিষয়টির সত্যতা জানা যাবে।