গ্রিল কাটা চুরি-ডাকাতিতে উদ্বেগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খুলনা মহানগরে গ্রিল কাটা ডাকাতি ও চুরির ঘটনা ঘটছে। তিন মাসে এ ধরনের ঘটনা ঘটেছে ৪৪টি। থানায় মামলা হলেও পুলিশ ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের খুঁজে পাচ্ছে না, মালামালও উদ্ধার হচ্ছে না। এতে নগরবাসী উদ্বিগ্ন হয়ে পড়েছেন।
খুলনা মেট্রোপলিটন পুলিশের কার্যালয় থেকে জানা গেছে, চলতি বছরের আট মাসে প্রায় ৬৫টি ডাকাতি ও চুরির ঘটনা ঘটেছে। তবে এর পরিমাণ গত তিন মাসে সবচেয়ে বেশি। জুন মাসে চারটি ডাকাতি ও ১১টি চুরি, জুলাইয়ে তিনটি ডাকাতি ও ১৪টি চুরি এবং আগস্ট মাসে সাতটি ডাকাতি ও পাঁচটি চুরির ঘটনা ঘটেছে। তবে নগরবাসীর অনেকে বলছেন, গত তিন মাসে ঘটেছে ৫০-৫৫টি ঘটনা।
ভুক্তভোগী ব্যক্তিদের অভিযোগ, ডাকাতি, চুরি ও ছিনতাইয়ের ঘটনায় পুলিশ কোনো কার্যকর ভূমিকা নিতে পারছে না। এ কারণে ডাকাত-চোরেরা আরও বেপরোয়া হয়ে উঠেছে। অনেক এলাকার বাসিন্দা পুলিশের ওপর ভরসা ছেড়ে দিয়ে নিজেরা পাহারা দেওয়া শুরু করেন।
বাগমারা ঈদগাহ বাইলেনে ১ সেপ্টেম্বর দিবাগত রাতে সোনালী ব্যাংকের কর্মকর্তা বেলায়েত হোসেনের বাড়ির গ্রিল কেটে অস্ত্রের মুখে পরিবারের চারজনকে বেঁধে ডাকাতেরা তিন ভরি সোনার গয়না, ৪০ হাজার টাকা, চারটি মুঠোফোন, শাড়িসহ দুই লক্ষাধিক টাকার মালামাল নিয়ে যায়। এ ব্যাপারে বেলায়েত হোসেনের সদর থানায় একটি অভিযোগ দাখিল করেন। পরদিন সকালে নগরের টুটপাড়া গাছতলার বাসিন্দা এনামুল কবিরের বাড়ির গ্রিল কেটে চুরির ঘটনা ঘটে।
বেলায়েত হোসেন বলেন, ‘৮-১০ জন ডাকাত ঘরে ঢুকে আমার ছোট ছেলে শাওনকে বেঁধে ফেলে। পরে অন্য কক্ষে থাকা স্ত্রী ও মেয়েকে বেঁধে ফেলে। শাওনের গলায় ছুরি ঠেকিয়ে আলমারির চাবি নিয়ে নেয় ডাকাতেরা। মালামাল নিয়ে চলে যায়। থানায় অভিযোগ করা হয়েছে। কিন্তু এখনো কোনো কূলকিনারা হয়নি।’
গত ৯ আগস্ট সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত জ্যেষ্ঠ ওয়ারেন্ট অফিসার মো. আবুল কালাম মোল্লা ও খুলনা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান ডিসিপ্লিনের সহকারী অধ্যাপক তানভীর আহমেদ ওরফে সোহেলের বাসার গ্রিল কেটে ভেতরে ঢোকে দুর্বৃত্তরা। এরপর তাঁদের জিম্মি করে অর্থসহ ১০ লক্ষাধিক টাকার মালামাল নিয়ে যায়। একই রাত আড়াইটার দিকে নগরের পশ্চিম টুটপাড়ার কবি নজরুল সড়কের দোতলা বাড়িতেও একই ঘটনা ঘটে। শব্দ শুনে পাশের ফ্ল্যাট থেকে সাবেক সেনা কর্মকর্তা আবুল কালাম মোল্লা বেরিয়ে এলে তাঁরও মাথায় বন্দুক ও গলায় ছোরা ধরে মুখ বাঁধে দুর্বৃত্তরা। এ সময় বাসার সবাইকে জিম্মি করে পাঁচ লাখ টাকা, ১০-১২ ভরি স্বর্ণালংকার, কয়েকটি মুঠোফোনসহ মূল্যবান জিনিসপত্র নিয়ে যায় ডাকাত দল।
২ আগস্ট সোনাডাঙ্গা আবাসিক এলাকার একটি বাড়ির ভাড়াটিয়া খুলনা কলেজিয়েট স্কুলের সহকারী শিক্ষক শেখর ফৌজদারের বাসার জানালার গ্রিল কেটে ১১ হাজার টাকা ও দুই ভরি ওজনের স্বর্ণালংকার নিয়ে যায় ডাকাতেরা। এভাবে প্রায় প্রতিদিনই চুরির ও ডাকাতির ঘটনা ঘটছে।
বয়রা এলাকার বাসিন্দা মাহফুজুর রহমান বলেন, ‘বারান্দায় মোটরসাইকেল রাখলে একটু পরে এসে তা আর পাওয়া যাচ্ছে না। আগস্ট মাসে আমাদের এলাকা থেকে ১১টি মোটরসাইকেল চুরি হয়েছে। থানায় জানিয়ে কোনো লাভ হয়নি। এখন চোরদের সঙ্গে আমরা দেন-দরবার করছি।’
খুলনা নাগরিক ফোরামের চেয়ারপারসন শেখ আবদুল কাইয়ুম বলেন, ‘নগরবাসীর নিরাপত্তার আবেদনের পরিপেক্ষিতে খুলনা মেট্রোপলিটন পুলিশ (কেএমপি) গঠিত। মাঝে আইনশৃঙ্খলা ভালো হয় মাঝেমধ্যে খারাপ হয়। কিন্তু সম্প্রতি আইনশৃঙ্খলার অবস্থা খুবই নাজুক। আমরা নগরবাসী কেএমপির কাছে সুস্পষ্টভাবে জানতে চাই, তারা আমাদের নিরাপত্তা দিতে পারবে কি না।’
কেএমপির একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, ‘আমরা কেএমপির সভায় ওসিদের (থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা) কাছে জানতে চেয়েছিলাম এগুলো ডাকাতির মামলা হচ্ছে না কেন। তাঁরা উত্তরে বলেছে ডাকাতি ঘটনায় পাঁচজনের অধিক লোক সম্পৃক্ততা থাকা লাগে। কিন্তু এই ঘটনাগুলোতে তিন-চারজন লোকের সম্পৃক্ততা রয়েছে বলে জানা গেছে। তাই এগুলোকে দস্যুতা বলা হচ্ছে।’
কেএমপির ডেপুটি কমিশনার (দক্ষিণ) আবদুল মান্নান জানান, এ ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে কয়েকজনকে পুলিশের নজরে রাখা হয়েছে। আরও কিছু তথ্য পেলে কারা এর সঙ্গে জড়িত তা বের করা সম্ভব হবে।