গ্রিল কেটে বাড়িতে ঢুকে রান্নাঘরের দা-বঁটি নিয়ে ডাকাতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জানালার গ্রিল কেটে বাড়িতে ঢুকে রান্নাঘরের দা আর বঁটি হাতে নিয়ে শোয়ার ঘরে ঢুকে পড়ে ডাকাত দল। এরপর নিজেদের ডাকাত পরিচয় দিয়ে ঘুম থেকে ডেকে তোলে দম্পতিকে।
গতকাল বৃহস্পতিবার সকালে এভাবেই আগের রাতে নিজ বাড়িতে ঘটে যাওয়া ডাকাতির ঘটনা বর্ণনা করেন বাগেরহাট শহরের সোনাতলা এপিএস ল্যাবরেটরিজের গলির মো. আবু সাঈদ মিঞা (৪৭)। আবু সাঈদ মিঞা জেলা কালেক্টরেটের চতুর্থ শ্রেণির কর্মচারী (এমএলএসএস)। তাঁর স্ত্রী জামিলা খাতুন একই কার্যালয়ের তৃতীয় শ্রেণির কর্মচারী (অফিস সহকারী)। বুধবার গভীর রাতে একদল ডাকাত তাঁদের নির্মাণাধীন বাড়ির দোতলার জানালার গ্রিল কেটে ঘরে ঢোকে। তারা পরিবারের সবাইকে অস্ত্রের মুখে জিম্মি করে বেঁধে ফেলে। এরপর আলমারি ভেঙে মালামাল লুট করে নিয়ে যায়।
সাঈদ দম্পতির ভাষ্য, ডাকাতেরা তাঁদের আলমারিতে রাখা প্রায় পাঁচ ভরি স্বর্ণালংকার, ৪০ হাজার টাকা, একটি মুঠোফোন, ক্যামেরা ও ল্যাপটপ নিয়ে গেছে। এসবের দাম প্রায় পাঁচ লাখ টাকা।