গ্রিল কেটে বিবস্ত্র লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে সানারপাড় এলাকায় বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের (বিআরডিবি) কার্যালয় থেকে অফিস সহকারীর বিবস্ত্র লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার সকালে জানালার গ্রিল কেটে তাঁর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

ওই অফিস সহকারীর নাম মনিরুল ইসলাম (৪২)। তিনি কুষ্টিয়া জেলা সদরের মৃত শহীদুল ইসলামের ছেলে।

সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরাফত উল্লাহ জানান, সানারপাড় এলাকায় বিআরডিবির অফিস সাপ্তাহিক ছুটি ও মহান স্বাধীনতা দিবস উপলক্ষে আজ রোববারসহ তিন দিনের ছুটি ছিল। অফিস সহকারী মনিরুল ইসলাম ওই অফিসেই থাকতেন। ছুটিতে তিনি বাড়ি যাননি। রোববার সকালে স্বাধীনতা দিবসের কর্মসূচির জন্য অফিসের লোকজন এসে দেখেন তাঁর কক্ষ ভেতর থেকে বন্ধ করা। অনেক ডাকাডাকি করে কোনো সাড়া না পেয়ে দুপুরে পুলিশকে খবর দেওয়া হয়। পরে পুলিশ গিয়ে অফিস কক্ষের জানালার গ্রিল ভেঙে ভেতরে ঢুকে মনিরুলের বিবস্ত্র নিথর দেহ পড়ে থাকতে দেখেন।

ওসি সরাফত উল্লাহ আরও জানান, মনিরুল উচ্চ রক্তচাপ ছিল। রাতে ঘুমের ও রক্তচাপের ওষুধ নিয়মিত খেতেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিনি মস্তিষ্কে রক্তক্ষরণের কারণে মারা গেছেন। লাশ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়া গেলে মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে।