নেশার টাকা জোগাড় করতে পুলিশের কনস্টেবল মনিরুজ্জামান কাঁদানে গ্যাস গ্রেনেড অস্ত্রাগারে জমা না দিয়ে নিজের কাছে রেখে দিয়েছিলেন বলে তথ্য পেয়েছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। পরে তিনি গ্যাস গ্রেনেডটি তাঁর পূর্বপরিচিত দুই ব্যক্তির কাছে বিক্রির জন্য দেন।
কাঁদানে গ্যাস গ্রেনেড উদ্ধারের ঘটনায় গ্রেপ্তার হওয়া মনিরুজ্জামান চার দিনের রিমান্ডে রয়েছেন। গতকাল রোববার ছিল রিমান্ডের প্রথম দিন।
মামলার তদন্ত-তদারক কর্মকর্তা ডিবির উপকমিশনার মো. জাহাঙ্গীর হোসেন মাতুব্বর প্রথম আলোকে বলেন, জিজ্ঞাসাবাদে কনস্টেবল মনিরুজ্জামান ডিবি পুলিশকে জানান, আড়াই মাস আগে তিনি আইনশৃঙ্খলা রক্ষায় রাজধানীতে কর্তব্যরত ছিলেন। পরে তিনি একটি গ্যাস গ্রেনেড রাজারবাগ পুলিশ লাইনসের অস্ত্রাগারে জমা না দিয়ে সেটি ব্যবহার করা হয়েছে বলে সংশ্লিষ্ট ব্যক্তিদের জানিয়েছিলেন।
জিজ্ঞাসাবাদে মনিরুজ্জামান পুলিশকে আরও জানান, তিনি নেশাগ্রস্ত। নেশার টাকা জোগাড় করতে ওই গ্যাস গ্রেনেডটি বিক্রির জন্য তিনি তাঁর গ্রামের বাড়ি ময়মনসিংহের মুক্তাগাছার মেহেদী হাসান ও তৌহিদুল ইসলামকে দিয়েছিলেন। ওই দুজন তাঁর পূর্বপরিচিত। কিন্তু তাঁরা তাঁকে টাকা দেননি বলে মনিরুজ্জামান দাবি করেছেন।
মামলার তদন্তসংশ্লিষ্ট সূত্র জানায়, ৯ আগস্ট র্যাব-৩-এর একটি দল নয়াটোলায় একটি কাঁদানে গ্যাস গ্রেনেডসহ মেহেদী হাসান ও তৌহিদুল ইসলামকে আটক করে। পরে তাঁদের ডিবি পুলিশে সোপর্দ করা হলে তাঁরা জানান, কনস্টেবল মনিরুজ্জামান কাঁদানে গ্যাস গ্রেনেডটি তাঁদের বিক্রি করতে দিয়েছেন। তাঁরা গত বছরের পল্টন থানার একটি মামলার এজাহারভুক্ত আসামি। এই মামলায় তাঁদের গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয়। পরে গ্যাস গ্রেনেডসহ ধরা পড়ার ঘটনায় গত শনিবার ওই পুলিশ কনস্টেবলসহ তাঁদের বিরুদ্ধে রমনা থানায় বিস্ফোরক আইনে মামলা করে ডিবি।
বিস্ফোরক আইনের মামলায় মেহেদী ও তৌহিদুলকে ১০ দিনের রিমান্ডের জন্য মুখ্য মহানগর হাকিমের আদালতে আবেদন করা হয়েছে। গতকাল শুনানির দিন ধার্য থাকলেও সরকারি ছুটির কারণে হয়নি। আজ সোমবার এ বিষয়ে আদালতে শুনানি হতে পারে।