গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামের সাতকানিয়ায় মো. জাফর উল্লাহ (৫৯) নামে পুলিশের ওপর হামলাসহ পাঁচ মামলার এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত রোববার রাতে উপজেলার এওচিয়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের ভূতপাড়া গ্রাম থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। জাফর উল্লাহ এওচিয়া ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমির। তাঁর বাড়িও ভূতপাড়া গ্রামে। সাতকানিয়া থানার উপপরিদর্শক (এসআই) শাহজালাল বাবুল বলেন, জাফর উল্লাহ দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। সম্প্রতি তিনি বাড়ি ফিরে এসেছেন, এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফরিদ উদ্দিন খন্দকার প্রথম আলোকে বলেন, জাফর উল্লাহর বিরুদ্ধে নাশকতা সৃষ্টি, পুলিশের ওপর হামলা ও বিস্ফোরক আইনে পাঁচটি মামলা আছে। গতকাল তাঁকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।