চট্টগ্রামে মোটরসাইকেল চুরির অভিযোগের মামলায় চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁরা হলেন রাজেশ কুমার নাথ, মহিউদ্দিন, শান্ত ও আমির হোসেন। গত মঙ্গলবার ও গতকাল বুধবার ভোররাতে নগরের খুলশী ও ফটিকছড়ি থেকে তাঁদের গ্রেপ্তার করে কোতোয়ালি থানা-পুলিশ। কোতোয়ালি থানার উপপরিদর্শক মো. কামরুজ্জামান প্রথম আলোকে জানান, গত ১৮ জুলাই নগরের কোতোয়ালি নন্দনকানন এলাকার শাহীনুর রহমানের বাসা থেকে একটি মোটরসাইকেল চুরি হয়। গত মঙ্গলবার নগরের খুলশী এলাকায় গাড়িটিসহ রাজেশকে দেখতে পান শাহীনুর। বিষয়টি তাৎক্ষণিকভাবে পুলিশকে জানানো হলে রাজেশকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদে তিনি জানান, গাড়িটি চুরির পর ফটিকছড়ির নানুপুর বাজারে আমিরের গ্যারেজে নিয়ে যাওয়া হয়। সেখানে গাড়ির যন্ত্রাংশ খুলে অন্য গাড়িতে লাগিয়ে দেওয়া হয়। এ ঘটনায় দায়ের হওয়া মামলায় আসামিদের গতকাল বুধবার আদালতে পাঠানো হয়েছে।