খাগড়াছড়ির দীঘিনালায় ভূমি রক্ষা কমিটি ও ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) নেতা-কর্মীদের মধ্যে গ্রেপ্তারের আতঙ্ক বিরাজ করছে। নেতা-কর্মীশূন্য হয়ে পড়েছে উপজেলা সদরের মাস্টারপাড়ায় ইউপিডিএফ কার্যালয়। দীঘিনালা ভূমি রক্ষা কমিটির পদযাত্রা ঘিরে সংঘর্ষের পর এই অবস্থার সৃষ্টি হয়েছে।
ইউপিডিএফের দীঘিনালা উপজেলা সংগঠক কিশোর চাকমা দাবি করেছেন, পুলিশ ও সেনাবাহিনীর অভিযানের কারণে মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। গ্রেপ্তারের ভয়ে নেতা-কর্মীরা বের হতে পারছেন না।
১৫ মার্চ সকালে উপজেলার বাবুছড়ায় বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ব্যাটালিয়ন সদর দপ্তর অভিমুখে ভূমি রক্ষা কমিটির পদযাত্রায় বাধা দেওয়া হয়। নেতা-কর্মীরা পদযাত্রা নিয়ে ব্যাটালিয়ন সদর দপ্তরের দিকে যেতে চাইলে কার্বারি টিলা এলাকায় পুলিশ, সেনাবাহিনী ও আনসার সদস্যদের সঙ্গে সংঘর্ষ হয়। এ ঘটনায় ৫০ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতপরিচয় আট শতাধিক ব্যক্তির বিরুদ্ধে মামলা করে পুলিশ। এর মধ্যে জনপ্রতিনিধি পাঁচজন।
দীঘিনালা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সুসময় চাকমা জানান, মামলার আসামি হওয়ার পর তিনি কার্যালয়ে যাচ্ছেন না।
সরেজমিন বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, মাইনী সেতু, কলেজ মোড়, লারমা স্কয়ার এলাকায় এখনো নিয়মিত টহল দিচ্ছে পুলিশ। কয়েকটি স্থানে নিরাপত্তা চৌকি বসিয়ে তল্লাশি চালানো হচ্ছে। সংঘর্ষের পর এ পর্যন্ত ইউপিডিএফ ও পিসিপির নেতাসহ ১৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
বাবুছড়ার একজন আদিবাসী ব্যবসায়ী নাম না প্রকাশের শর্তে জানান, ব্যবসায়িক কাজে বোয়ালখালী বাজারে যাওয়ার পথে মাইনী সেতু এলাকায় নিরাপত্তা চৌকিতে পুলিশ সদস্যরা তাঁকে জিজ্ঞাসাবাদ করেন। তবে ব্যবসায়ী পরিচয় দেওয়ার পর আর কিছু বলেননি।
কবাখালী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান বিশ্ব কল্যাণ চাকমা জানান, তাঁকে আসামি করায় তিনি উপজেলা সদরে যাচ্ছেন না। একই কথা জানান দীঘিনালা ইউপি চেয়ারম্যান চন্দ্র রঞ্জন চাকমা।
দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাহাদাত হোসেন জানান, ১৫ মার্চের সংঘর্ষের ঘটনায় কাউকে ছাড় দেওয়া হবে না। তাঁদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে। পুলিশ নিরীহ কাউকে হয়রানি করছে না দাবি করে তিনি বলেন, সাধারণ মানুষের আতঙ্কিত হওয়ার কিছু নেই।