গ্রেপ্তার-আতঙ্কে 'ঘরবন্দী' মানুষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘অসুস্থ হয়ে বিছানায় পড়ে আছি। কিন্তু পুলিশ গ্রেপ্তার করতে পারে—এই আশঙ্কায় চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যেতে পারছি না। অসুস্থ হয়ে ঘরে পড়ে আছে স্ত্রীও।’
বলছিলেন চট্টগ্রামের বাঁশখালী উপজেলার গণ্ডামারা ইউনিয়নের পশ্চিম গণ্ডামারা গ্রামের কোনের পাড়ার বাসিন্দা বৃদ্ধ আবুল হোসেন। গত মঙ্গলবার দুপুরে কথা হয় এই লবণশ্রমিকের সঙ্গে।
শুধু আবুল হোসেন নন, গ্রেপ্তার-আতঙ্কে ভুগছেন গণ্ডামারা ইউনিয়নের অনেক বাসিন্দা। গত মঙ্গলবার ইউনিয়নের ৪০-৪৫ জন বাসিন্দার সঙ্গে কথা হয় এই প্রতিবেদকের। তাঁরা প্রথম আলোকে বলেন, গণ্ডামারার চারপাশে পুলিশ তল্লাশিচৌকি বসিয়েছে। এ জন্য এলাকার লোকজন গ্রেপ্তার-আতঙ্কে ভুগছেন। আতঙ্কে তাঁরা কোথাও যেতে পারছেন না। মামলার এজাহারে নাম না থাকলেও পুলিশ আটক করে থানায় নিয়ে যাচ্ছে। টাকা দিয়ে ছাড়িয়ে আনতে হচ্ছে। অথচ পুলিশকে টাকা দেওয়ার মতো সামর্থ্য বেশির ভাগ মানুষেরই নেই। গ্রেপ্তার এড়াতে দিনে ও রাতে পালাক্রমে এলাকায় পাহারা বসিয়েছেন তাঁরা।
গত ৪ এপ্রিল গণ্ডামারায় কয়লা বিদ্যুৎ প্রকল্প স্থাপন নিয়ে সংঘর্ষে প্রকল্পবিরোধী চার গ্রামবাসী নিহত হন। এ ঘটনায় প্রকল্পবিরোধী নেতা লিয়াকত আলীসহ ৬৩ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতপরিচয় তিন হাজারের বেশি ব্যক্তিকে আসামি করে বাঁশখালী থানায় তিনটি মামলা হয়। পরে পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগে আরও একটি মামলা হয়। এতে ৭০ জনের নাম উল্লেখ করা হয়। অজ্ঞাতপরিচয় আসামি করা হয় ২ হাজার ২০০ জনকে।
গণ্ডামারার বাসিন্দা আবু আহমেদসহ অনেকে বলেন, গণ্ডামারা ব্রিজ, টাইম বাজার, সরল বাজার, বাংলা বাজার, চুনতি বাজার, হাটখালী খেয়াঘাটসহ গণ্ডামারার চারপাশে পুলিশ তল্লাশিচৌকি বসিয়ে নিরীহ লোকজনকে হয়রানি করছে। এ ছাড়া দিনে-রাতে যেকোনো সময় ঘরে ঘরে গিয়ে তল্লাশি চালাচ্ছে। এ কারণে জিম্মি হয়ে আছে ইউনিয়নের ৫০ হাজার বাসিন্দা। তাঁরা বলেন, গত তিন দিন এলাকায় পুলিশ আসেনি।
মঙ্গলবার গণ্ডামারা ব্রিজসহ বিভিন্ন এলাকায় গিয়ে কোনো তল্লাশিচৌকি চোখে পড়েনি।
লবণশ্রমিক হাবিবুর রহমান বলেন, তাঁর তিন ছেলে চট্টগ্রাম নগরে দোকানে কাজ করে। ২১ মে বাড়ি থেকে যাওয়ার সময় মহল্লাপাড়া এলাকায় পুলিশ তাঁর তিন ছেলে জিয়াউর রহমান, মাহমুদুল ইসলাম ও নেজাম উদ্দিনকে ধরে নিয়ে যায়। পরে দালালের মাধ্যমে জনপ্রতি তিন হাজার টাকা দিয়ে বাঁশখালী থানা থেকে তাদের ছাড়িয়ে আনা হয়।
আমান উল্লাহ নামের এক ব্যক্তি বলেন, তাঁর ভাতিজা সিএনজিচালিত অটোরিকশার চালক আবদুস সালামকে ২১ মে পুলিশ ধরে নিয়ে যায়। তাঁকে ছাড়িয়ে আনা সম্ভব হয়নি। তাঁর দাবি, আবদুস সালামের বিরুদ্ধে কোনো মামলা নেই।
গণ্ডামারা ইউনিয়নের বহরার বাড়ির উমর ফারুক ও পশ্চিম বরগুনার জাকের হোসেন বলেন, তাঁরা কাতারে যাওয়ার জন্য টাকা জমা দিয়েছেন। কিন্তু পুলিশের ভয়ে এলাকা থেকে বের হতে পারছেন না।
গত ৪ এপ্রিল সংঘর্ষের পর ঘটনাস্থল থেকে পুলিশ আবদুল খালেক নামের এক লবণশ্রমিককে গ্রেপ্তার করে। ১৫ এপ্রিল তিনি জামিনে মুক্তি পান। ছররা গুলিবিদ্ধ খালেক বলেন, ‘আমার চিকিৎসা দরকার। কিন্তু ঘর থেকে বের হতে পারছি না।’
গণ্ডামারা বাজার থেকে টাইম বাজার পর্যন্ত ভাড়ায় সিএনজিচালিত অটোরিকশা চলাচল করে। এই রুটের লাইনম্যান জিয়াউর রহমান বলেন, পুলিশ গাড়ি থামিয়ে চালক এবং যাত্রীদের হয়রানি ও গ্রেপ্তার করার কারণে ১৫ থেকে ২৮ মে পর্যন্ত গাড়ি চলাচল বন্ধ ছিল। তিন দিন ধরে চলাচল শুরু হয়েছে। তবে যাত্রী পাওয়া যাচ্ছে না। আগে ৩৫টি গাড়ি চলাচল করলেও এখন ১০-১৫টি গাড়ি চলে এই রুটে।
অটোরিকশার চালক আবদুল মালেক বলেন, ‘পুলিশের ভয়ে গাড়ি চালাই না।’
বিদ্যুৎকেন্দ্রবিরোধী সংগঠন বসতভিটা ও গোরস্থান রক্ষা কমিটির আহ্বায়ক লিয়াকত আলী বলেন, ‘পুলিশের কাছে জিম্মি হয়ে আছে গণ্ডামারার ৫০ হাজার বাসিন্দা। সরকারের কাছে দাবি, তাঁদের মুক্ত করা হোক, অথবা চারপাশে দেয়াল দিয়ে জেলখানা বানিয়ে দেওয়া হোক।’
গণ্ডামারা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আরিফ উল্লাহ বলেন, এলাকার নিরীহ অনেক লোককে পুলিশ আটক করেছিল। পরে ওসিকে বলে তাঁদের ছাড়িয়ে আনা হয়েছে।
জানতে চাইলে সব অভিযোগ অস্বীকার করে বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলমগীর হোসেন প্রথম আলোকে বলেন, নিরীহ কাউকে পুলিশ আটক করছে না। মামলার আসামি ধরতে নিয়মিত অভিযান চালানো হচ্ছে। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, যাচাই-বাছাই করে নিরীহ লোকজনকে ছেড়ে দেওয়া হয়েছে। এ জন্য টাকা নেওয়া হয়নি।
বাঁশখালীর সাংসদ মোস্তাফিজুর রহমান চৌধুরী মঙ্গলবার দুপুরে বলেন, গণ্ডামারার কেউ পুলিশের হয়রানির অভিযোগ করেননি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।