গ্রেপ্তার আরও তিন বিএনপির কর্মীকে ফাঁসানোর অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাইবান্ধার গোবিন্দগঞ্জে সহিংতার ঘটনায় সাঁওতালদের করা মামলায় আরও তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। তবে গতকাল বুধবার সংবাদ সম্মেলন করে স্থানীয় বিএনপি অভিযোগ করেছে, সাজানো মামলা করে পুলিশ তাদের নেতা-কর্মীদের হয়রানি করছে।

মামলার সন্দেহভাজন আসামি হিসেবে গত মঙ্গলবার রাতে পুলিশ গ্রেপ্তার করে গোবিন্দগঞ্জ উপজেলার চকরহিমাপুর গ্রামের শাহ আলম (৫৫), দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার জমিলাপুর গ্রামের মুরাদ মিয়া (২৫) এবং একই উপজেলার নয়াপাড়া গ্রামের মিনহাজ রহমান (৩০)। এ নিয়ে এ মামলায় ২০ জনকে গ্রেপ্তার করা হলো।

গোবিন্দগঞ্জ থানার ওসি সুব্রত সরকার বলেন, বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে সন্দেহভাজন ওই তিন ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।

বিএনপির অভিযোগ: গাইবান্ধা জেলা প্রেসক্লাব মিলনায়তনে গতকাল দুপুরে এক সংবাদ সম্মেলন করেন স্থানীয় বিএনপির নেতারা। সাঁওতালদের পক্ষে গোবিন্দগঞ্জের রামপুরা গ্রামের স্বপন মুরমু যে মামলা করেছেন, তা পুলিশের সাজানো বলে সংবাদ সম্মেলনে দাবি করেন উপজেলা বিএনপির সভাপতি আবদুল মান্নান মণ্ডল। তিনি অভিযোগ করেন, গ্রেপ্তারের নামে বিএনপির নেতা-কর্মীদের হয়রানি করছে পুলিশ। এ পর্যন্ত সাতজন বিএনপি কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে, অথচ তাঁরা ঘটনার সঙ্গে জড়িত নন। গ্রেপ্তার আতঙ্কে গোবিন্দগঞ্জের অনেক গ্রাম পুরুষশূন্য হয়ে পড়েছে। এ সময় তিনি প্রকৃত অপরাধীদের গ্রেপ্তারের দাবি জানান।