গ্রেপ্তার আরও ৫

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামে গোয়েন্দা (ডিবি) পুলিশ পরিচয়ে একটি বিদেশি প্রতিষ্ঠানের পণ্যভর্তি কাভার্ড ভ্যান ডাকাতিতে জড়িত থাকার অভিযোগে আরও পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁরা হলেন মিজানুর রহমান (৩২), মহসিন মল্লিক (৩৫), আবু বক্কর (২৬), জাকির হোসেন (৩০) ও জসিম উদ্দিন (৩৬)। গত মঙ্গলবার রাতে পাহাড়তলী, বন্দর ও সীতাকুণ্ড এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করে পুলিশ।
গত ১২ নভেম্বর সকালে পণ্যবাহী কাভার্ড ভ্যানটি নগরের বন্দর থানার নিমতলা এলাকা থেকে ডিবি পুলিশ পরিচয় দিয়ে ডাকাতি করা হয়। এ ঘটনায় পণ্যের আমদানিকারক প্রতিষ্ঠানের প্রতিনিধি সিঅ্যান্ডএফ এজেন্ট কর্মকর্তা মো. ইসমাইল বাদী হয়ে মামলা করেন। ওই দিন সন্ধ্যায় নগরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে পণ্যভর্তি কাভার্ড ভ্যানসহ দুজনকে গ্রেপ্তার করে বন্দর থানার পুলিশ।
বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম মহিউদ্দিন সেলিম প্রথম আলোকে বলেন, গ্রেপ্তার দুই আসামি কাজী নুরুল ইসলাম ও আজাদ হোসেনকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। তাদের কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে গত মঙ্গলবার রাতে নগর ও জেলার সীতাকুণ্ডে অভিযান চালিয়ে আরও পাঁচজনকে গ্রেপ্তার করা হয়।
ওসি বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিরা ডিবি পরিচয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কসহ দেশের বিভিন্ন স্থানে ছিনতাই ও ডাকাতি করার কথা স্বীকার করেছেন।