গ্রেপ্তার আরও ৫, শাহজাদপুরে স্বতঃস্ফূর্ত হরতাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আবদুল হাকিম
আবদুল হাকিম

আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষের সময় মাথায় গুলিবিদ্ধ হয়ে সমকাল-এর শাহজাদপুর প্রতিনিধি আবদুল হাকিম শিমুল নিহত হওয়ার ঘটনায় গতকাল শনিবার আরও পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদিকে গতকাল শাহজাদপুর পৌর শহরে স্বতঃস্ফূর্তভাবে অর্ধদিবস হরতাল পালিত হয়েছে।
শাহজাদপুরে গত বৃহস্পতিবার আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষের সময় মাথায় গুলিবিদ্ধ হন সাংবাদিক হাকিম। পরদিন ঢাকায় নেওয়ার পথে তিনি মারা যান। এ খবর পেয়ে ওই দিন সন্ধ্যায় হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে মারা যান তাঁর নানি রোকেয়া বেগম।
হাকিম ও তাঁর নানি রোকেয়াকে গতকাল দুপুরে উপজেলার মাদলা গ্রামের কবরস্থানে দাফন করা হয়। এর আগে বেলা ১১টার দিকে শাহজাদপুর পাইলট উচ্চবিদ্যালয়ের মাঠে প্রথম জানাজায় অংশ নেন বিভিন্ন রাজনৈতিক, সামাজিক নেতা, সাংবাদিকসহ সর্বস্তরের লোকজন। জানাজার আগে সেখানে সংক্ষিপ্ত আলোচনায় বক্তব্য দেন স্থানীয় সাংসদ হাসিবুর রহমান, সাবেক সাংসদ চয়ন ইসলাম, শাহজাদপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আবুল হাসনাত, উপজেলা চেয়ারম্যান আজাদ রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আলীমুন রাজীব, কেন্দ্রীয় যুবলীগের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক সাজ্জাত হায়দার, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল হক, সমকাল-এর যুগ্ম বার্তা সম্পাদক তপন দাস প্রমুখ।
সাংসদ হাসিবুর রহমান বলেন, পৌর মেয়র হালিমুল হক নিজে তাঁর শটগান দিয়ে গুলি করেন। ওই গুলিতেই সাংবাদিক তাঁর পেশাগত দায়িত্ব পালন করার সময় গুলিবিদ্ধ হন। তিনি এ ঘটনার বিচার বিভাগীয় তদন্তের দাবি জানান।

শাহজাদপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আবুল হাসনাত বলেন, সংঘর্ষের সময় পুলিশের বারবার নিষেধ উপেক্ষা করে পৌর মেয়র তাঁর শটগান বের করে গুলি ছোড়েন। তবে পালিয়ে যাওয়ায় মেয়রকে আটক করা যায়নি।

পরে দুপুর ১২টার দিকে মাদলা গ্রামের কাকিলামারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে দ্বিতীয় জানাজা শেষে হাকিম ও তাঁর নানিকে দাফন করা হয়।

বেলা ১১টায় মাদলা গ্রামে হাকিমের বাড়ি গিয়ে দেখা যায়, হাকিম ও তাঁর নানির মৃত্যুতে আহাজারি করছেন স্বজনেরা। স্বজনদের সঙ্গে কথা বলে জানা যায়, হাকিমের ছেলে আল নোমান সাদিকী (১১) শাহজাদপুর পাইলট উচ্চবিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্র। আর মেয়ে তামান্না খাতুন (৭) নার্সারিতে পড়ে।

সাংবাদিক নিহত হওয়ার ঘটনায় গতকাল গ্রেপ্তার ব্যক্তিরা হলেন উপজেলা আওয়ামী লীগের সদস্য পৌর শহরের ছয়আনি পাড়ার কে এম নাসির উদ্দীন, বাড়াবিল গ্রামের মো. আরসাদ আলী, নাজমুল হোসেন, আলমগীর হোসেন ও জহির উদ্দীন। এর আগে বৃহস্পতিবার গ্রেপ্তার হন মেয়র হালিমুল হকের ভাই হাফিজুল হক। পরদিন গ্রেপ্তার হন মেয়রের আরেক ভাই হাবিবুল হক।

শাহজাদপুর থানার ওসি রেজাউল হক বলেন, হাকিমের স্ত্রী নুরুননাহার বেগম গত শুক্রবার শাহজাদপুর থানায় মামলা করেছেন। এই মামলায় গতকাল ভোররাতে পাচঁজনকে গ্রেপ্তার করা হয়। এর আগে গ্রেপ্তার দুজনকেও এই মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। সংঘর্ষের দিন আওয়ামী লীগের এক পক্ষের দায়ের করা অপর এক মামলায়ও তাঁদের সবাইকে গ্রেপ্তার দেখানো হয়েছে। এই সাতজনের মধ্যে চারজন দুই মামলারই এজাহারভুক্ত আসামি।

সাংবাদিক হাকিম হত্যার প্রতিবাদে ছাত্রলীগ, বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠান ও পেশাজীবী সংগঠনের ডাকা গতকালের অর্ধদিবস হরতালের সময় (সকাল ৬টা থেকে দুপুর ১২টা) শাহজাদপুর পৌর শহরে দোকানপাট, ব্যবসা-বাণিজ্য, শিক্ষাপ্রতিষ্ঠানসহ যানবাহন চলাচল বন্ধ ছিল। এ সময় র‌্যাব ও পুলিশের সতর্ক টহল দেখা যায়। পৌর শহরের সড়কের বিভিন্ন স্থানে হরতালের সমর্থকেরা টায়ার জ্বালিয়ে বিক্ষোভ এবং সাংবাদিকেরা প্রতিবাদ মিছিল করেন।