গ্রেপ্তার আসামি অস্ত্র উদ্ধার অভিযানে নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আসামি জসিম উদ্দিনের ‘দেখানো’ জায়গা থেকে অস্ত্র উদ্ধার করতে তাঁকে সঙ্গে নিয়ে গিয়েছিল পুলিশ। কিন্তু সেখানে ‘বন্দুকযুদ্ধে’ মৃত্যু হয় ১৭ মামলার এই আসামির। গতকাল রোববার দিবাগত রাত তিনটার দিকে কক্সবাজারের রামুতে চা-বাগানসংলগ্ন জঙ্গলে এ ঘটনা ঘটে।

পুলিশের দাবি, জসিম তালিকাভুক্ত সন্ত্রাসী ও ডাকাত।

নিহত জসিম উদ্দিন কক্সবাজার সদর উপজেলার ভারুয়াখালী ইউনিয়নের পশ্চিম পাড়ার বাসিন্দা। তাঁর বয়স ৩৫ বছরের মতো।

স্থানীয় লোকজন জানান, গতকাল রোববার দুপুর সাড়ে ১২টার দিকে পুলিশ উপজেলার রশিদনগর জেটিরাস্তারমাথা থেকে জসিমকে গ্রেপ্তার করে।

রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রভাষ চন্দ্র ধর প্রথম আলোকে জানান, জসিম জিজ্ঞাসাবাদে জানিয়েছিলেন যে চা-বাগান এলাকার একটি গাছের নিচে অস্ত্র ও গুলি লুকানো আছে। এরপর জসিমকে নিয়ে পুলিশ সেখানে অস্ত্র উদ্ধার করতে যায়। কিন্তু সেখানে আগে থেকে ওত পেতে থাকা জসিমের সহযোগীরা পুলিশকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছুড়তে থাকে। আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি চালায়। প্রায় দুই ঘণ্টার এই বন্দুকযুদ্ধে পুলিশ ৭৩টি এবং ডাকাতেরা প্রায় ১৫০টি গুলি ছোড়ে। একপর্যায়ে ডাকাত দল পিছুহটে জঙ্গলে আত্মগোপন করে। এ সময় ডাকাতদের ফেলে যাওয়া দেশীয় সাতটি আগ্নেয়াস্ত্র এবং ৭০টি তাজা কার্তুজ উদ্ধার করা হয়।

ওসি আরও বলেন, বন্দুকযুদ্ধের সময় জসিম গুলিবিদ্ধ হয়ে মাটিতে লুটে পড়েন এবং ঘটনাস্থলে তাঁর মৃত্যু হয়। জসিমের পিঠে একাধিক গুলির চিহ্ন পাওয়া গেছে। পাহাড়ি রাস্তা থেকে পিছলে পড়ে আহত হয়েছেন থানার এসআই আবুল খায়ের, পুলিশ সদস্য রুবেল মজুমদার, মো. ইব্রাহিম ও আতিকুর রহমান। তাঁদের কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।

পুলিশ জানায়, জসিমের লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। জসিমের বিরুদ্ধে রামু ও কক্সবাজার সদর মডেল থানায় দস্যুতা, মাদক, অস্ত্র, ডাকাতিসহ ১৭টি মামলা রয়েছে।