গ্রেপ্তার আসামি 'বন্দুকযুদ্ধে' নিহত
কিশোরগঞ্জের বাজিতপুরে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ এক ব্যক্তি নিহত হয়েছে। পুলিশের দাবি, নিহত ব্যক্তি ডাকাত ছিল। তাকে গ্রেপ্তার করা হয়েছিল।
আজ বৃহস্পতিবার ভোরে উপজেলার গাজিরচর এলাকায় কথিত ওই বন্দুকযুদ্ধ হয়।
নিহত ব্যক্তির নাম ফুদুর আলী (৩৪)। তাঁর বাড়ি পৌর শহরের দড়িঘাটটিয়া মহল্লায় বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
পুলিশের ভাষ্য, নিহত ফুদুর একটি সন্ত্রাসী বাহিনীর নেতৃত্বে ছিলেন। একই সঙ্গে একটি নৌ-ডাকাত দলের প্রধানও ছিলেন।
বন্দুকযুদ্ধের পর ঘটনাস্থল থেকে দুটি পিস্তল, একটি বন্দুক ও একটি রিভলবার উদ্ধার করার দাবি করেছে পুলিশ।
বাজিতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মকবুল হোসেন মোল্লার ভাষ্য, গতকাল বুধবার ফুদুর আলীকে নরসিংদী থেকে গ্রেপ্তার করা হয়। তাঁকে নিয়ে আজ ভোররাতে গাজিরচর এলাকায় অভিযানে যায় পুলিশ। পরে পুলিশের সঙ্গে ফুদুর আলীর সহযোগীদের বন্দুকযুদ্ধ হয়। নিজ দলের লোকদের গুলিতে নিহত হন তিনি।
পুলিশ জানায়, ফুদুর আলীর বিরুদ্ধে একাধিক থানায় হত্যা, ডাকাতি, সন্ত্রাসী কর্মকাণ্ডসহ বিভিন্ন অভিযোগে প্রায় ২০টি মামলা রয়েছে।