গ্রেপ্তার একজনের স্বীকারোক্তিমূলক জবানবন্দি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের লোহাগাড়ার বড়হাতিয়ায় গত ৩১ অক্টোবর রাতে সংঘটিত হত্যাকাণ্ডসহ ডাকাতির ঘটনায় আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন মো. সাহাব উদ্দীন (২৪) নামের এক ব্যক্তি।
মো. সাহাব উদ্দীনের বাড়ি উপজেলার বড়হাতিয়া হোসেননগর এলাকায়। গত শনিবার বড়হাতিয়ার চান্দিপাড়া থেকে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ।
ডাকাতিতে জড়িত থাকার কথা স্বীকার করে গত রোববার চট্টগ্রামের জ্যেষ্ঠ বিচারিক হাকিম আবু সালেম মো. নোমানের আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দেন সাহাব উদ্দিন।
সূত্র জানায়, জবানবন্দিতে সাহাব উদ্দিন বলেন, ডাকাতির ঘটনায় প্রায় ৩০ জন ডাকাত অংশ নেয়। স্থানীয় এক ব্যক্তির নেতৃত্বে লোহাগাড়া, বাঁশখালী, চকরিয়া ও সাতকানিয়া উপজেলা থেকে এসে ডাকাতেরা ডাকাতি করে। তবে হত্যাকাণ্ডের ব্যাপারে তিনি কিছু জানেন না।
মামলার তদন্ত কর্মকর্তা লোহাগাড়া থানার পরিদর্শক (তদন্ত) কেফায়েত উল্লাহ জানান, ডাকাতির ঘটনায় ইতিমধ্যে বাঁশখালীর আলমগীর আলম ও মো. জাগের এবং চকরিয়ার নাজিম উদ্দীনসহ সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় জড়িত অন্যদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
প্রসঙ্গত, গত ৩১ অক্টোবর রাতে লোহাগাড়ার বড়হাতিয়ার ছয়টি বাড়ি ও ১২টি দোকানে ডাকাতি হয়। এ সময় ডাকাতের গুলিতে অনিল রুদ্র নামের এক কৃষক নিহত হন।