গ্রেপ্তার এড়াতে বাক্সবন্দী!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার শেরপুরে গ্রেপ্তার এড়াতে আবদুল মোমিন (৩৫) নিজ ঘরে বাক্সবন্দী হয়েছিলেন। কিন্তু তবু তিনি রেহাই পাননি। বন্দিদশার প্রায় ১০ মিনিট পর বাক্সের তালা খুলে পুলিশ তাঁকে আটক করে।
উপজেলার রামনগর গ্রামে গত সোমবার রাত সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে। আবদুল মোমিন ওই গ্রামের আবদুল হালিমের ছেলে। পেশায় কাঁচামাল ব্যবসায়ী। তিনি চেক জালিয়াতি মামলার আসামি। তাঁর নামে শেরপুর থানায় গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে।
শেরপুর থানা-পুলিশের উপপরিদর্শক (এসআই) আলহাজ উদ্দিন বলেন, ওই রাতে আবদুল মোমিনকে গ্রেপ্তারের জন্য তাঁর বাড়িতে অভিযান চালানো হয়। ওই বাড়ির লোকজনকে সঙ্গে নিয়ে বাড়ির তিনটি কক্ষ তল্লাশি করা হয়। এ সময় একটি কক্ষের মধ্যে স্টিলের বড় একটি বাক্সের ভেতর থেকে শব্দ পাওয়া যায়। তখন তিনি বাক্সের তালা খুলে দিতে আবদুল মোমিনের স্ত্রী রশিদা পারভীনকে অনুরোধ করেন। এতে পারভীন ক্ষুব্ধ হয়ে পুলিশকে গালাগাল করতে থাকেন। একপর্যায়ে চাপের মুখে পারভীন বাক্সের তালা খুলে দেন। এরপর কিছুটা অসুস্থ অবস্থায় বাক্সের ভেতর থেকে তাঁরা আবদুল মোমিনকে বের করেন। এর প্রায় ২০ মিনিট পর তিনি (আবদুল মোমিন) স্বাভাবিক হন।
আবদুল মোমিন বলেন, তাঁর নামে গ্রেপ্তারি পরোয়ানা থানায় আছে, তা তিনি জানতেন। কিন্তু পুলিশ যে তাঁকে গ্রেপ্তারে তাঁর বাড়িতে অভিযান চালাবে, তা তিনি বুঝতে পারেননি। ওই রাতে পুলিশ বাড়িতে যাওয়ায় তাঁর স্ত্রী টের পান। স্ত্রীর কথামতো তিনি দ্রুত স্টিলের বাক্সের মধ্যে লুকিয়ে পড়েন। কিন্তু এতে যে তিনি অসুস্থ হয়ে পড়বেন বুঝতে পারেননি।
রশিদা পারভীন বলেন, স্বামীকে পুলিশের নজর থেকে রক্ষার জন্য তিনি এমনটি করেছিলেন। পুলিশ যে বাক্স খুলে দেখবে, তিনি তা বুঝতেও পারেননি।
এ প্রসঙ্গে শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আহমেদ হাশমী বলেন, কেউ এভাবে লুকিয়ে থাকলে অনেক সময় মারাও যেতে পারেন। এ ব্যাপারে প্রত্যেকের সচেতনতার প্রয়োজন রয়েছে।