গ্রেপ্তার এড়াতে বাউলের ছদ্মবেশে ঘুরতেন হেলাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিজ বাড়ি বগুড়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রায়ই বিভিন্ন সংঘাতে জড়াতেন হেলাল হোসেন ওরফে বাউল সেলিম (৪৫)। ১৯৯৭ সাল থেকে ৯ বছরে অন্তত ৩টি হত্যা মামলায় আসামি হিসেবে তাঁর নাম রয়েছে। এর মধ্যে একটিতে তিনি দণ্ডিত। ‘খুনি হেলাল’ পরিচয়টি আড়াল করতে তিনি বাউলের ছদ্মবেশ ধারণ করেন। হয়ে ওঠেন সেলিম ফকির ওরফে ‘বাউল সেলিম’ হিসেবে।

দীর্ঘদিন ধরে বিভিন্ন মাজার ও রেলস্টেশনকেন্দ্রিক তাঁর আনাগোনা ছিল। গান গাইতে পারায় তিনি বাউল বেশ ধরে দেশের বিভিন্ন এলাকায় ঘুরতে থাকেন। মাস ছয়েক আগে জনৈক ব্যক্তি ইউটিউবে প্রচারিত ‘ভাঙা তরী ছেঁড়া পাল’ গানের ভিডিও র‌্যাবকে পাঠিয়ে ওই বাউল মডেলের বিষয়ে সন্দেহ প্রকাশ করেন। এ তথ্যের ভিত্তিতে র‌্যাব তাঁর বিষয়ে গোয়েন্দা তৎপরতা শুরু করে। গতকাল বুধবার রাতে কিশোরগঞ্জের ভৈরব রেলস্টেশন এলাকা থেকে হেলাল হোসেন ওরফে খুনি হেলাল ওরফে সেলিম ফকির ওরফে বাউল সেলিমকে গ্রেপ্তার করে র‌্যাব-৩–এর একটি দল।

আজ বৃহস্পতিবার দুপুরে রাজধানীর কারওয়ান বাজার র‌্যাবের মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন। তিনি বলেন, জিজ্ঞাসাবাদে হেলাল র‌্যাবকে বলেছে, তিনি ২০০১ সালের বগুড়ায় বিদ্যুৎ হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি। এ ছাড়া ১৯৯৭ সালে বগুড়ার বিষ্ণু হত্যা মামলা ও ২০০৬ সালে রবিউল হত্যায় জড়িত বলে স্বীকার করেছেন। তাঁর বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতনের একটি মামলা এবং একটি চুরির মামলা রয়েছে বলে তিনি বলেছেন।

র‌্যাবের কর্মকর্তা খন্দকর আল মঈন বলেন, হেলাল এলাকায় ‘দুর্ধর্ষ হেলাল’ ও ‘খুনি হেলাল’ নামে পরিচিত। ২০০০ সালে এক সংঘর্ষে অস্ত্রের আঘাতে তাঁর বাঁ হাতে মারাত্মক জখম হয়ে পঙ্গু হন তিনি। এ ঘটনার পর ‘হাত লুলা হেলাল’ হিসেবেও এলাকায় পরিচিতি পান তিনি। ২০১০ সালে বগুড়া সদর থানায় এক চুরির মামলায় ২০১৫ সালে গ্রেপ্তার হন হেলাল। তখনো তাঁর বিরুদ্ধে ২০০১ সালে সংঘটিত বিদ্যুৎ হত্যা মামলার বিচার চলছিল। ২০১৫ সালে তিনি যেদিন চুরির মামলায় জামিনে ছাড়া পান, সেদিনই বিদ্যুৎ হত্যা মামলায় তাঁর যাবজ্জীবন কারাদণ্ড হয়। এরপরই তিনি এলাকা থেকে পালিয়ে গিয়ে ফেরারি জীবন শুরু করেন।

র‌্যাবের গণমাধ্যম শাখার পরিচালক মঈন বলেন, প্রথমে হেলাল বগুড়া থেকে ট্রেনে করে ঢাকার কমলাপুর রেলস্টেশনে আসেন। পরে কমলাপুর থেকে ট্রেনে তিনি চট্টগ্রামে চলে যান এবং সেখানকার আমানত শাহ মাজারে ছদ্মবেশ ধারণ করে বেশ কিছুদিন অবস্থান করেন। সেখান থেকে ট্রেনে সিলেটের শাহজালাল মাজারে চলে যান। সিলেটে গিয়ে ছদ্মবেশ ধারণ করে সেখানে আরও কিছুদিন অবস্থান করেন। তিনি দেশের বিভিন্ন রেলস্টেশন ও মাজারে ছদ্মবেশে অবস্থান করছিলেন। ভৈরব রেলস্টেশনে নাম-ঠিকানা ও পরিচয় গোপন রেখে সেলিম ফকির নাম ধারণ করেন। প্রায় চার বছর ধরে ভৈরব রেলস্টেশনের পাশে এক নারীর সঙ্গে সংসার করে আসছিলেন।

কমান্ডার খন্দকার আল মঈন বলেন, হেলালের হাত পঙ্গু হয়ে যাওয়ায় ও গান গাইতে পারায় জীবনধারণের জন্য বাউল পরিচয় বেছে নেন। প্রায় পাঁচ বছর আগে নারায়ণগঞ্জ রেলস্টেশনে কিশোর পলাশের ওই গানের শুটিং চলাকালে হেলাল রেললাইনের পাশে বাউল গান গাচ্ছিলেন। তখন এক ব্যক্তি তাঁকে গানের মিউজিক ভিডিওতে অভিনয়ের প্রস্তাব দিলে তিনি রাজি হন। ফলে বহুল জনপ্রিয় ‘ভাঙা তরী ছেঁড়া পাল’ শিরোনামের গানের বাউল মডেল হিসেবে তাঁকে দেখা যায়।