গ্রেপ্তার করতে গিয়ে সন্ত্রাসীর গুলিতে এএসআই নিহত

টাঙ্গাইল শহরের চিহ্নিত সন্ত্রাসী নূর ইসলাম ওরফে উল্কাকে গ্রেপ্তার করতে গিয়ে তার ছোড়া গুলিতে প্রাণ হারিয়েছেন মো. নুরুল ইসলাম নামের পুলিশের উপসহকারী পরিদর্শক (এএসআই)। শহরের পূর্ব আদালতপাড়ায় গত শুক্রবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে।
টাঙ্গাইল সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আক্তারুজ্জামানের ভাষ্যমতে, ছয়টি মামলার অভিযুক্ত আসামি সন্ত্রাসী উল্কা আসন্ন ঈদ সামনে রেখে নিজ এলাকা পূর্ব আদালতপাড়ায় ব্যাপক চাঁদাবাজি শুরু করে। এর পরিপ্রেক্ষিতে ওই দিন রাত সাড়ে ১২টার দিকে তাকে গ্রেপ্তার করতে থানার এএসআই নুরুল ইসলামের নেতৃত্বে একদল পুলিশ সদস্য উল্কার বাড়ি ঘেরাও করেন। তাঁদের উপস্থিতি টের পেয়ে উল্কা পুলিশের ওপর গুলি ছোড়া শুরু করে। এ সময় নুরুল ইসলাম গুলিবিদ্ধ হন। সহকর্মীরা তাঁকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে যান। পরে উন্নত চিকিৎসার জন্য তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) গতকাল শনিবার ভোরে মারা যান তিনি। তবে উল্কাকে ধরা যায়নি। গুলি ছুড়ে সে পালিয়ে যায়।
পুলিশ জানায়, পালিয়ে যাওয়ার পরপরই পুলিশ উল্কাকে ধরতে শহরে অভিযান শুরু করে। তাকে পাওয়া না গেলেও কলেজপাড়া থেকে তার সহযোগী সন্দেহে জিজ্ঞাসাবাদ করতে চারজনকে আটক করা হয়েছে।
এদিকে নুরুল ইসলাম নিহত হওয়ার ঘটনায় গতকাল টাঙ্গাইল সদর থানার উপপরিদর্শক (এসআই) রকিবুল হাসান বাদী হয়ে একটি মামলা করেছেন। মামলায় নাম উল্লেখ করে উল্কাসহ ১২ জনকে ও অজ্ঞাতনামা দেখিয়ে আরও ১৫-১৬ জনকে আসামি করা হয়েছে।
উল্কার অপরাধ কর্মকাণ্ডে অতিষ্ঠ এলাকাবাসী: অনুসন্ধানে জানা গেছে, পূর্ব আদালতপাড়ার পরিবহন শ্রমিক নেতা মৃত ফরিদ মিয়ার ছেলে উল্কা, সুমন ও লিটন। কিশোর বয়সেই তারা সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িয়ে পড়ে। একসময় শহরের বহুল আলোচিত সিদ্দিকী গ্রুপের অনুসারী ছিল তারা। তবে প্রায় আট বছর ধরে এ গ্রুপের তৎপরতা না থাকলেও তিন ভাই এলাকায় আধিপত্য ধরে রেখেছে। এলাকায় চাঁদাবাজি, ছিনতাই, মাদক ব্যবসাসহ বিভিন্ন অপরাধ কর্মকাণ্ড নিয়ন্ত্রণ করার অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে। এসব কর্মকাণ্ডে এলাকাবাসী অতিষ্ঠ হয়ে উঠলেও তাদের বিরুদ্ধে মুখ খোলার সাহস পায় না কেউই।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, গত ফেব্রুয়ারিতে তিন ভাই শহরের ঢাকা রোডে প্রকাশ্যে পিস্তল ঠেকিয়ে এক ব্যবসায়ীর ১০ লাখ টাকা ছিনিয়ে নেয়। এ ব্যাপারে তাদের বিরুদ্ধে টাঙ্গাইল সদর থানায় মামলা হয়। গত ১৭ জুন রাতে উল্কার নেতৃত্বে নিজ এলাকার মাহবুব সাদিক পান্না নামের এক যুবককে অস্ত্রের মুখে বাসা থেকে তুলে টাকা ও মুঠোফোন ছিনতাই করার ঘটনা ঘটে। পরে এ বিষয়ে থানায় অভিযোগ করায় ১ জুলাই রাতে মাহবুবের বাসায় ককটেল হামলা চালানো হয়। এ ব্যাপারেও মামলা হয়।
এলাকাবাসী আরও জানান, তিন ভাই গত ২৮ জুন টাঙ্গাইল শহীদ মিনারে আওয়ামী লীগ আয়োজিত এক সমাবেশে দলটির রাজনীতিতে আনুষ্ঠানিকভাবে যোগ দেন। এরপরই তাঁরা আরও বেপরোয়া হয়ে পড়েন। এতে অতিষ্ঠ হয়ে উঠে এলাকার মানুষ। এ অবস্থায় পুলিশ উল্কাকে গ্রেপ্তারের উদ্যোগ নেয়। তার দুই ভাইও পলাতক রয়েছে।